রেল ও গ্যাসের আশ্বাস দিয়ে হিরনের ইশতেহার
সিটি কর্পোরেশন নির্বাচনে আবারো জয়ী হলে বরিশালে রেল যোগাযোগ ও গ্যাসের সংযোগ এনে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মহাজোটের মেয়র প্রার্থী শওকত হোসেন হিরণ।
মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে নিজের ২৩ দফার নির্বাচনী ইশতেহারে এ আশ্বাস দেন সদ্য বিদায়ী মেয়র হিরন।
নগরীর অশ্বিনী কুমার টাউন হলের এ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহম্মেদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি।
ইশতেহারের অন্যান্য দফার মধ্যে রয়েছে- একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং একটি শিশু হাসপাতাল নির্মাণ, নারী-শিশু ও প্রতিবন্ধীদের জন্য আলাদা মার্কেট স্থাপন, নগরীর বর্ধিত অংশে নাগরিক সুযোগ-সুবিধা পুরোপুরি নিশ্চিত করা, বিএম কলেজ ও বিবির পুকুর পাড়ের আশপাশ ওয়াইফাই জোনের আওতায় আনা, কলোনিবাসীদের পুনর্বাসন, কর্মসংস্থান সৃষ্টিসহ সব ধরনের নাগরিক সুবিধা প্রদান, নগরীতে একটি ইপিজেড স্থাপন করা, নথুল্লাবাদে সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় স্থাপন করে নগরীর সমন্বিত উন্নয়ন তরান্বিত করা, সিটি কর্পোরেশন কার্যালয়ে সকল দল-মতের মানুষকে সমান সুযোগ সুবিধা দেয়া, যানযট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে গড়িয়ারপাড়ে কেন্দ্রীয় বাস টার্মিনাল ও কাশীপুরে ট্রাক টার্মিনাল নির্মাণ, সিটি বাসের সংখ্যা বাড়ানো, সদর রোডে উড়াল সেতু নির্মাণ, বরিশালকে সবুজ নগরীতে রূপান্তর, কীর্তনখোলা নদীর তীরে রিং রোড স্থাপন, খাল দখলমুক্ত ও সংস্কার করা, নগরীকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা, নগরবাসীকে সার্বক্ষনিক বিশুদ্ধ পানি সরবরাহ, বর্ধিত এলাকাগুলোকে গুরুত্ব দিয়ে মূল শহরের মানোন্নয়ন করা এবং রাজনৈতিক সহবস্থান নিশ্চিত করার পাশাপাশি সন্ত্রাস মুক্ত করা, নগরীতে নিরক্ষরমুক্ত করা, সব ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন অব্যাহত রাখা এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষাসহ সকল ধরনের নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা।
