২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহশ্রমকে ঝুঁকিপূর্ণ ঘোষণার দাবি

শিশুদের জন্য গৃহশ্রমকেও ঝুকিপূর্ণ ঘোষণা করার দাবি জানিয়েছে শিশু অধিকারসহ বিভিন্ন সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 01:05 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সরকারের প্রতি এ আহ্বান জানানো হয়।

১২ জুন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনের আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল, মানুষের জন্য ফাউন্ডেশন ও বাংলাদেশ শিশু অধিকার ফোরামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শিশু অধিকার ফোরামের চেয়ারম্যান ইমরানুল হক চৌধুরী বলেন, শিশুদের জন্য ৩৮টি শ্রম ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। কিন্তু গৃহে যারা কাছ করেন তারা অনেকভাবে নিযার্তিত হয়। এমনকি অনেক গৃহকর্মী মারাও যান।

এজন্য সরকারের কাছে গৃহশ্রমকে ঝুকিপূর্ণ ঘোষণা করার আহ্বান জানান ইমরানুল হক।

শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রশাসন) মুজিবর রহমান বলেন, ১২ জুন বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ১২তম বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হতে যাচ্ছে।

এবারের প্রতিপাদ্য হবে- গৃহকর্মে শিশু শ্রমকে না বলুন।

তিনি বলেন, ২০০৩ সালের হিসাবে দেশে প্রায় ৩২ লাখ শিশু শ্রমিক রয়েছে। এর মধ্যে প্রায় পঞ্চাশ হাজার শিশুকে প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন পযার্য়ে পুনর্বাসন করা হয়েছে।

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে ১২ জুন সকাল সাড়ে ৯টায় সিরডাপ মিলনায়তনে জাতীয় সেমিনার হবে বলে জানান যুগ্মসচিব।

তিনি বলেন, ওই দিন বিভিন্ন জেলা-উপজেলা পযার্য়ে কর্মজীবী শিশু, তাদের অভিভাবক ও কমিউনিটির সদস্য নিয়ে র‌্যালি, আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে শ্রম মন্ত্রণালয়ের উপ-সচিব মহিউদ্দিন আহমেদ খান, আইএলওর বাংলাদেশ কার্যালয়ের উপ-পরিচালক আরও গগনরাজ ভাণ্ডারি ও মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক শাহীন আনাম উপস্থিত ছিলেন।