আমিনুলের ‘খুনিকে’ ধরতে পুরস্কার ঘোষণা
শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন মোস্তাফিজুর রহমানের সন্ধান চেয়ে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার।
মোস্তাফিজুরের সন্ধান বা তার সম্পর্কে কোনো তথ্য থাকলে তা নিকটস্থ থানা বা পুলিশকে জানাতে অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সঠিক সন্ধানদাতাকে এক লাখ টাকা পুরস্কার দেয়া হবে এবং তার পরিচয় গোপন রাখা হবে।”
আমিনুল হত্যাকাণ্ডের পর এক বছরের বেশি সময় পার হলেও এঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
এ হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ, আন্তর্জাতিক শ্রমিক সংগঠন ও মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করে আসছে। গত বছর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও ঢাকা সফরে এসে আমিনুল হত্যাকাণ্ডের বিষয়টি তোলেন।
২০১২ সালের ৪ এপ্রিল বাইপাইল থেকে নিখোঁজ হন আমিনুল। ৬ এপ্রিল টাঙ্গাইলের ঘাটাইল থানা পুলিশ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পাশ থেকে উদ্ধার করে। পরদিন পত্রিকায় ছাপা হওয়া লাশের ছবি দেখে পরিবারের সদস্যরা আমিনুলকে সনাক্ত করেন।
ঘাটাইল থানা পুলিশ কোনো দাবিদার না পেয়ে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে লাশটি দাফন করে। পরে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে ৯ এপ্রিল কালিয়াকৈর থানার হিজলহাটি মৃধাপাড়া এলাকার বাড়িতে বাবার কবরের পাশে পুনরায় দাফন করা হয় আমিনুলকে।
এ ঘটনায় আমিনুলের ছোট ভাই রফিকুল ইসলাম বাদি হয়ে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার তদন্ত করছে পুলিশ।
আমিনুল ইসলাম ২০০৬ সাল থেকে বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডব্লিউএস) সংগঠক ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
