২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবন ধস: চার গার্মেন্ট মালিক ফের রিমান্ডে

সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা মামলায় ওই ভবনের চার গার্মেন্ট মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আরো দুই দিনের হেফাজতে পাঠিয়েছে আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 11:53 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে দায়ের করা এ মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার  বিজয় কৃষ্ণ কর সোমবার আসামিদের ৫ দিন করে হেফাজতে নেয়ার আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৈয়বুল হাসান উজ্জ্বল দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

চার আসামি হলেন- আনিসুর রহমান, বজলুস সামাদ আদনান, আমিনুল ইসলাম ও মাহমুদুর রহমান তাপস।

এর আগে তাদের ২ দফায় ১০ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

গত ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডের পাশে নয় তলা রানা প্লাজা ধসে অন্তত ১ হাজার ১৩০ জনের মৃত্যু হয়, যাদের অধিকাংশই পোশাক শ্রমিক।

আগের দিন ফাটল ধরার পরও ওই ভবনের পাঁচটি পোশাক কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করার অভিযোগ রয়েছে।

ঘটনার পরদিন সাভার থানা পুলিশের এসআই ওয়ালী আশরাফ খান অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে রানা প্লাজার মালিক সোহেল রানাসহ ৫ জনকে আসামি করে এই মামলা দায়ের করেন।

এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক ইমরাত আইনে তাদের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে।