২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। আহত হয়েছেন আরো দুই জন।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 06:39 AM

Updated : 25 Apr 2022, 06:50 PM

শনিবার রাতে বেতমোড় ইউনিয়নের মিঠাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মোস্তাফিজুর রহমান। আহত মো. শাজাহান ও নোমান গাজীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তাদের সবার বাড়ি পিরোজপুর সদরের বাদুরা ও ভান্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামে।

মঠবাড়িয়া থানার ওসি মো. আব্দুর রব খান জানান, রাতে প্রবাসী রুবেল হাওলাদারের ঘরে ঢোকে মুখোশপরা একদল ডাকাত। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের ভয় দেখিয়ে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন সেট ও মূল্যবান মালামালসহ প্রায় নয় লাখ ৯৫ হাজার টাকা লুট করে। 

এরপর তারা পালানোর সময় পরিবারের সদস্যদের চিৎকারে গ্রামবাসী এসে তিনজনকে ধরে ফেলে। তাদের পিটুনিতে মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলেই মারা যান।

ক্ষুব্ধ গ্রামবাসী মোস্তাফিজ ও শাজাহানের চোখ উফড়ে ফেলে। নোমান গাজীও গুরুতর আহত হন।

তাদের কাছ থেকে একটি বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে ওসি জানান।

তিনি বলেন, ডাকাতির ঘটনায় গৃহকর্তা রুবেল হাওলাদার এবং পুলিশ অস্ত্র আইনে দুটি মামলা করেছে।