সাজা শেষে দেশে ফিরলো তিন বাংলাদেশি
তিন বাংলাদেশি ভারতের দেড় বছর সাজা শেষে দেশে ফিরেছে বলে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ তাদেরকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
এরা হলেন- মো. ইব্রাহিম (৪২), ছাগির হোসেন (৪২) ও রেশমা খাতুন (২৫) এবং এদের প্রত্যেকের বাড়ি বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এরা ভাল কাজের প্রলোভনে বিভিন্ন সময় দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতে যায়। ভারতের দিল্লীতে কাজের সন্ধানে ঘোরাঘুরির সময় পুলিশের হাতে তারা আটক হন।
“পরে অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে তাদের প্রত্যেককে দেড় বছর করে সাজা দেয় আদালত এবং এরপর তাদেরকে পাঠানো হয় কারাগারে। সাজার মেয়াদ শেষ হলে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে তারা দেশে ফিরে আসেন।”
পুলিশ কর্মকর্তা জানান, ফেরত আসা যুবকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
