২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পতাকা উঠানো-নামানো কার্যক্রম দেখলেন বিজিবি ও বিএসএফ দল

বেনাপোল চেকপোস্টের শূণ্যরেখায় নির্মাণাধীন রিট্রিট সেরিমানি কার্যক্রম পরিদর্শন করেছেন দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 02:52 PM

Updated : 23 Aug 2022, 10:55 AM

বৃহস্পতিবার দুপুরে বিজিবি ও বিএসএফ এর ১৪ সদস্যের প্রতিনিধি দল সেখানে জাতীয় সংগীতের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের জাতীয় পতাকার উঠানো-নামানো উপভোগ করেন।

২৬ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মতিয়ার রহমান বলেন, বিজিবির পক্ষে ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দক্ষিণ-পশ্চিম রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার রবিউল ইবনে কামরুজ্জামান ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শ্রী সন্তোষ মাহারী।

ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশে প্রবেশের পর বিজিবি আইসিপি ক্যাম্পে তাদেরকে গার্ড অব অনার দেয়া হয়।

রিট্রিট সেরিমানি দুই দেশের সৈনিকদের মধ্যে শান্তি-শৃঙ্খলা-সৌহার্দ্য রক্ষার প্রতীক হিসাবে কাজ করবে। এখানে সাধারণ মানুষও প্রতিদিন নির্দিষ্ট সময়ে পতাকা উত্তোলন ও নামানো পরিদর্শন করতে পারবে।

প্রতিদিন সকালে আমদানি-রপ্তানি ও পাসপোর্ট যাত্রী চলাচল আরম্ভ হওয়ার আগে পতাকা উঠিয়ে বিজিবি ও বিএসএফ সদস্যরা প্যারেড ও জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন। পরে বাংলাদেশ ও ভারতীয় প্রবেশ পথ খুলে দেওয়া হবে।

আবার সন্ধ্যায় একই নিয়মে আমদানি-রপ্তানি বাণিজ্য ও পাসপোর্ট যাত্রীদের যাতায়াত শেষ হলে পতাকা নামানো ও জাতীয় সংগীত বাজানো হবে। তারপরে প্রবেশ গেট পুনরায় বন্ধ করে দেওয়া হবে।

ভারত-পাকিস্তানের মধ্যে এ ধরনের কার্যক্রম রয়েছে।

এছাড়া দুদেশের সীমান্তের শূণ্যরেখায় একটি গ্যালারি থাকবে। সেখানে বাংলাদেশ ও ভারতীয়রা একটি বিশেষ টোকেনের মাধ্যমে তাদের আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা-সাক্ষাত করতে পারবে।