পুঁজিবাজার ‘চাঙ্গা করতে’ একগুচ্ছ প্রণোদনা
চলমান ‘মন্দা’ কাটিয়ে পুঁজিবাজারকে চাঙ্গা করতে বিনিয়োগকারীদের জন্য একগুচ্ছ প্রণোদনা প্রস্তাব করা হয়েছে আগামী বাজেটে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বুধবার তারে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, জানুয়ারি ১৮, ২০১২
প্রস্তাবনার মধ্যে ব্যক্তিশ্রেণির করদাতার শেয়ার লেনদেন থেকে অর্জিত আয়কে করমুক্ত
রাখার বিদ্যমান সুবিধা অব্যাহত রাখার পাশাপাশি রয়েছে বিনিয়োগে কর রেয়াত বাড়ানো ও শেয়ার প্রিমিয়ামের ওপর কর প্রত্যাহার করা।
বক্তব্যে মুহিত বলেন, দেশের পুঁজিবাজারকে সংস্কার ও সংহত করার চেষ্টা সফল হয়েছে।পুঁজিবাজারে ‘কিছুটা’ স্থিতিশীলতাও এসেছে।
প্রণোদনার মধ্যে রয়েছে- আয়ের ৩০ শতাংশ বিনিয়োগ করলে এখন থেকে আয় বা করপোরেট করের ওপর ১৫ শতাংশ কর রেয়াত পাওয়া যাবে।
ব্যক্তিশ্রেণির বিনিয়োগের ওপর কর রেয়াত ২০ শতাংশ খেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হয়েছে। আর ব্যক্তিশ্রেণির সর্বোচ্চ বিনিয়োগ সীমা এক কোটি থেকে বাড়িয়ে দেড় কোটি টাকা করা হয়েছে।
শেয়ারের অভিহিত মূল্যের প্রিমিয়ামের ওপর বিদ্যমান ৩ শতাংশ কর এবং বন্ড বিক্রির সময় উৎসে আয়কর বিলোপ করা হয়েছে।
আর মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ওপর ১৫ শতাংশ কর রেয়াত দেয়া এবং করমুক্ত লভ্যাংশ আয়ের সীমা ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, ২০০১-০২ থেকে ২০০৫-০৬ পর্যন্ত আওপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে উত্তোলিত টাকার পরিমাণ ছিল ৪৩০ কোটি। এর বিপরীতে ২০০৯ থেকে বর্তমান পর্যন্ত উত্তোলিত টাকার পরিমাণ ৪ হাজার ২৮০ কোটি টাকা।
একই সময়ে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে ৩০২ কোটি টাকার বিপরীতে বর্তমানে ৫ হাজার ৮০০ কোটি টাকা উত্তোলিত হয়েছে।
মুহিত বলেন, “বস্ত্রখাতে বিশেষ করে পোশাক শিল্পে যে ব্যাপক অগ্রগতি হচ্ছে তার অন্যতম উপাদান হচ্ছে পুঁজিবাজার থেকে পুঁজি উত্তোলন।”
এবার বাজেটের আকার ধরা হয়েছে দুই লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা, যার মধ্যে রাজস্ব খাত থেকে এক লাখ ৬৭ হাজার ৪৪৯ কোটি টাকা আদায়ের লক্ষমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে আয়কর, আমদানি শুল্ক এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) বাবদে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকার যোগান দেবে।
