তিন ভাইয়ের বাড়িতে একসঙ্গে ডাকাতি
ফরিদপুরের কানাইপুরে একসঙ্গে তিন ভাইযের বাড়িতে হানা দিয়ে কয়েক লাখ টাকার মালামাল লুটে নিয়েছে ডাকাতরা।
এদের মধ্যে ইছাহাক ও মতিউর আপন ভাই। আর সুলতান তাদের চাচাতো ভাই। তিন জনই ব্যাবসায়ী।
ওসি জানান, রাত সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টার মধ্যে কলাপসিবল গেইট ও দরজা ভেঙে পাশাপাশি তিন বাড়িতে ঢোকে ডাকাতরা। এ সময় তিন পরিবারের সাত সদস্যকে তারা মারধরও করে। এদের মধ্যে সুলতানকে ছুরি মারে এক ডাকাত।
খন্দকার ইছাহাক জানান, মুখে কালো কাপড় বাধা ১০/১২ জনের একটি দল প্রথমে তার বাসায় প্রবেশ করে। এরপর তারা অন্য দুই ভাইয়ের বাসায় ঢুকে ধারালো অস্ত্রের মুখে সবাইকে বের করে তার বাড়িতে নিয়ে আসে। তারপর হাত-পা পিছমোড়া করে বেঁধে মুখে কাপড় গুঁজে দেয়।
তারপর তিন বাড়ি থেকে মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে চলে যায় ডাকাতরা। পরে আশেপাশের লোকজন এসে তাদের উদ্ধার করেন।
খন্দকার ইছাহাক বলেন, ডাকাতরা তিন বাড়ি থেকে ৯০ হাজার টাকা, ১৫ ভরি সোনার গয়না ও সাতটি মোবাইলসহ ১০ লাখ টাকার মালামাল লুট করেছে।
আহত সুলতান স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলেও ইছহাক জানান।
ওসি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
