সড়কের তারে বাস বিদ্যুতায়িত, ৩ যাত্রীর মৃত্যু
রংপুরের মিঠাপুকুর উপজেলায় সড়কের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার থেকে একটি যাত্রীবাহী বাস বিদ্যুতায়িত হয়ে তিন যাত্রীর মৃত্যু হয়েছে।
মিঠাপুকুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মিঠাপুকুর-রংপুর সড়কের শাল্টি গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহাসান স্পেশাল পরিবহনের বাসটি ৩৫ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে পঞ্চগড় যাচ্ছিল বলে জানান তিনি।
নিহতরা হলেন, দিনাজপুরের চিরিরিবন্দর উপজেলার নুরুজ্জামান (৩৫) ও কাহারল উপজেলার সোহেল রানা (২৫) এবং মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বায়েজিদ (২৫)।
আহত আজাদকে (২৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং আব্দুল লতিফকে (৩৫) মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহতদের পুরো শরীর ঝলসে গেছে। বিশেষ করে আজাদের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, রংপুর বিভাগে চলমান ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের মধ্যে বাসটি প্রধান সড়ক এড়িয়ে সংযোগ সড়ক দিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে বাসটির ছাদে রাখা একটি লোহার চেয়ারের সঙ্গে পল্লী বিদ্যুতের তার জড়িয়ে যায়। এতে বাসটি বিদ্যুতায়িত হয়ে আটকে যায়।
“যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে গেলে যাদের পায়ে স্যান্ডেল ছিল না তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের তিনজনের মৃত্যু হয়।”
মৃতদেহগুলো এবং বাসটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানান তিনি।
