‘নয় মাস চাকরি করলেই কোম্পানির সুবিধাভোগী’
নয় মাস কোনো কোম্পানিতে চাকরির মেয়াদ হলেই প্রতিষ্ঠানের সুবিধাভোগী হিসেবে বিবেচনার বিধান রেখে বহুল আলোচিত বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল সংসদে উত্থাপন করা হয়েছে।
বিলে শিল্প প্রতিষ্ঠানগুলোতে শ্রমিকদের জন্য ‘গ্রুপ বীমা’র বাধ্যবাধকতা রাখা হয়েছে।
বুধবার জাতীয় সংসদে দিনের সম্পূরক কার্যসূচিতে বিলটি উত্থাপন করেন শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।
বিলটি পরীক্ষা করে ২১ দিনের সময় দিয়ে সংসদে রিপোর্ট দেয়ার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, কোনো কোম্পানির সুবিধাভোগী বলতে শিক্ষানবিসসহ যে কোনো ব্যক্তিকে বোঝাবে যিনি মালিক কিংবা অংশীদার কিংবা পরিচালনা পর্ষদের সদস্য ছাড়া পদ-মর্যাদা নির্বিশেষে ওই কোম্পানিতে নয় মাস চাকরিতে নিযুক্ত আছেন।
যে সব প্রতিষ্ঠানগুলোতে ন্যূনতম ১০০ জন শ্রমিক রয়েছে, সেসব প্রতিষ্ঠানগুলোতে এই বীমা বাধ্যতামূলক করার বিধান রাখা হয়েছে প্রস্তাবিত এ আইনে।
বীমার বিষয়ে বিলে বলা হয়েছে, শ্রমিকের মৃত্যুর ক্ষেত্রে বীমা দাবি আদায় মালিকের দায়িত্ব হবে এবং মালিক ওই বীমা দাবি থেকে আদায় করা অর্থ পোষ্যদের সরাসরি দেবেন অথবা শ্রম আদালতে পাঠাবেন।
বিলে ৯০ দিনের মধ্যে বীমা দাবি নিষ্পত্তির বিধানও রাখা হয়েছে এ আইনে।
বিলে বলা হয়েছে, যে সব প্রতিষ্ঠানে ৫ হাজার বা এর বেশি শ্রমিক কাজ করে সেসব প্রতিষ্ঠানে স্থায়ী স্বাস্থ্য কেন্দ্র পরিচালনার ব্যবস্থা নিতে হবে। পেশাগত রোগে আক্রান্ত শ্রমিকদের সুস্থ হওয়ার আগ পর্যন্ত মালিকের দায়িত্বে চিকিৎসার বিধান রাখা হয়েছে। এছাড়া ৫০০ বা তার বেশি শ্রমিক কাজ করে এমন প্রতিষ্ঠানে কল্যাণ কর্মকর্তা নিয়োগ দেয়ার বিধান রাখা হয়েছে।
বিলে প্রসূতি কল্যাণে বাধা দেয়া মালিকের অর্থদণ্ড ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, অনুমোদিত কারখানা ভবনের নকশার সঙ্গে কারখানার মেশিন স্থাপনের নকশার কাঠামোগত কোনো ব্যত্যয় বা পরিবর্তন ঘটানো যাবে না।
বিলে বলা হয়েছে, কাজ চলার সময় প্রতিষ্ঠানের বাইরে যাওয়ার কোনো দরজা বন্ধ বা বাধাগ্রস্ত করা যাবে না।
বিলে কোনো শ্রমিকের চাকরির মেয়াদ ১২ বছর হলে এক মাসের মজুরির সমান এবং ১২ বছরের বেশি হলে দেড় মাসের মজুরির সমান গ্রাচু্ইটি পাবেন।
শ্রমিকদের স্বার্থ রক্ষায় শ্রমিক নিযোগে 'আউট সোর্সিং' কোম্পানিগুলোর জন্য রেজিস্ট্রেশন করার বিধান রাখা হয়েছে প্রস্তাবিত আইনে। এছাড়া শ্রমিকদের বেতন-ভাতা সরাসরি ব্যাংক একাউন্টে দেয়ার সুবিধার বিধান রাখা হয়েছে বিলে।
শ্রমিকরা যে পরিবেশে কাজ করবে সেই পরিবেশের জন্য ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করতে হবে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা যেমন বৈদ্যুতিক নিরাপত্তা, প্রতিবন্ধকতা ছাড়া বর্হিগমন পথ ও সিড়ি নিশ্চিত করার বিধান রাখা হয়েছে এ আইনে।
রপ্তানিমুখী গার্মেন্টস প্রতিষ্ঠানগুলোতে শ্রমিকদের জন্য কল্যাণ তহবিল করার বিধান রাখা হয়েছে এ বিলে।
প্রস্তাবিত আইনে জাহাজ নির্মাণ, জাহাজ ভাঙা, ওয়েল্ডিং, মোবাইল অপারেটর কোম্পানি, বেসরকারি রেডিও, টিভিসহ লাভের জন্য পরিচালিত হাসপাতালের শ্রমিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া কৃষি শ্রমিকদেরর অন্তর্ভুক্ত করা হয়েছে।
আইন সংশোধনের কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ২০০৬ সালের শ্রম আইনকে যুগোপযোগী বিশেষ করে করে পেশাগত স্বাস্থ্য ও সেফটি নিশ্চিত করা, ট্রেড ইউনিয়ন গঠনের প্রক্রিয়া সহজ করা, মালিক ও শ্রমিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দৃঢ় করতে, শ্রমিকদের সুযোগ-সুবিধা বাড়াতে এই সংশোধন প্রয়োজন।
