সড়ক রক্ষণাবেক্ষণে তহবিল
সড়ক রক্ষণাবেক্ষণের জন্য পর্যাপ্ত অর্থ যোগানে তহবিল গঠনে সংসদে একটি বিল উত্থাপন হয়েছে।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার ‘সড়ক রক্ষণাবেক্ষণ তহবিল বোর্ড বিল’ উত্থাপন করেন।
এটি পরীক্ষা করতে ১০ দিন সময় দিয়ে প্রতিবেদন দিতে যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
প্রস্তাবিত বিলে সড়ক বিভাগের সচিবকে চেয়ারম্যান ও সরকার নিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তাকে সদস্য সচিব করে বোর্ড গঠনের বিধান রাখা হয়েছে।
বিলে বলা হয়েছে, সরকারের অনুদান, আদায় করা কর, লেভি, ফি, চার্জ ও বিদেশি অনুদানে এই তহবিল গঠন করা হবে।
এই তহবিল গঠনের কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে সড়ক রক্ষণাবেক্ষণ খাতে চাহিদার ১৩ শতাংশ থেকে ১৬ শতাংশের বেশি অর্থের যোগান দেয়া সম্ভব হয়নি বলে রক্ষণাবেক্ষণ খাতে পুঞ্জিভূত দায় ক্রমেই বাড়ছে।
এজন্য পর্যাপ্ত অর্থের যোগান এবং সুষ্ঠু রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে স্বয়ংসম্পূর্ণ এই তহবিল গঠন করা হচ্ছে বলে জানান তিনি।
উন্নয়ন সহযোগীরাও সড়ক রক্ষণাবেক্ষণ তহবিল গঠনের ওপর জোর দিয়ে আসছিলো বলে জানান মন্ত্রী।
ওবায়দুল কাদের জানান, সড়ক বিভাগের অধীনস্ত সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন ২১ হাজার ৫৭১ কিলোমিটার সড়ক রয়েছে। তার মধ্যে জাতীয় মহাসড়ক তিন হাজার ৫৭০ কিলোমিটার, আঞ্চলিক মহাসড়ক চার হাজার ৩২৩ কিলেমিটার এবং জেলা সড়ক ১৩ হাজার ৬৭৮ কিলোমিটার।
