২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাসের অভাবে লোডশেডিং বিদ্যুতে

গরম বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতের লোডশেডিং ফিরতে শুরু করেছে।

রিয়াজুল বাশার

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2013, 02:29 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

গ্যাসের অভাবে প্রায় ১১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় লোডশেডিং বেড়েছে বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) পক্ষ থেকে বলা হচ্ছে।

বিউবো থেকে মঙ্গলবারের বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ পূর্বাভাসে বলা হয়েছে, এদিন উৎপাদন পর্যায়ে সর্বোচ্চ ৬৩০০ মেগাওয়াটের চাহিদার বিপরীতে লোডশেডিং ধরা হয়েছে ১৭৬ মেগাওয়াট।

সোমবার ১০১ মেগাওয়াট লোডশেডিং ছিলো বলে বিউবোর হিসাবে বলা হয়েছে।

বর্তমানে প্রতিটি বিতরণ অঞ্চলে একাধিকবার এক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে ঘাটতি পূরণ করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে বিউবোর সদস্য (উৎপাদন) তমাল চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেশ কিছুদিন তো লোডশেডিং দিতে হয়নি। এখন চাহিদা বেড়েছে। একারণে কিছুটা লোডশেডিং হচ্ছে। তবে এটা আগের বছরগুলোর তুলনায় কম।”

লোডশেডিংয়ের জন্য গ্যাসের অভাবকেই দায়ী করেন তিনি।

বিউবোর পরিসংখ্যান থেকে দেখা গেছে, মঙ্গলবার গ্যাসের অভাব এবং বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি ত্রুটির কারণে ২০৭৯ মেগাওয়াট উৎপাদন বন্ধ থাকছে। এর মধ্যে গ্যাসের অভাবে উৎপাদন বন্ধ রাখা হয় ১১০২ মেগাওয়াট।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এদিকে পেট্রোবাংলার দৈনিক গ্যাস উৎপাদন হিসেবে বলা হয়েছে, মঙ্গলবার বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য গ্যাসের ১৩৩৯ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ করা হচ্ছে ৯১৬ মিলিয়ন ঘনফুট।

এদিন বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য গ্যাসের ঘাটতি ধরা হয়েছে ৪২৩ মিলিয়ন ঘনফুট।

আগে থেকেই পেট্রোবাংলার পক্ষ থেকে বলা হচ্ছে, প্রতিদিন গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুটের ঘাটতি রয়েছে।

গ্যাস সরবরাহ না থাকায় তেলভিত্তিক ভাড়া বিদ্যুৎ কেন্দ্রগুলোর ওপর বিদ্যুৎ নির্ভরতা বাড়ছে। এর ফলে বেশি দাম দিয়ে বিদ্যুৎ কিনতে হচ্ছে গ্রাহকদের, যা নিয়ে নানা ধরনের সমালোচনা রয়েছে।

বিউবোর হিসাবে দেখা যাচ্ছে, সোমবার মোট বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১২৭ দশমিক ১৩ মিলিয়ন কিলোওয়াট ঘণ্টা।

এর মধ্যে গ্যাস থেকে ৮৭ দশমিক ৭০, তেল থেকে ৩৩ দশমিক ৮৫, কয়লা থেকে ৩ দশমিক ৮৭ ও পানি থেকে ১ দশমিক ৭১ কিলোওয়াট ঘণ্টা।

গ্যাস দিয়ে তেলের চেয়ে দ্বিগুণেরও বেশি বিদ্যুৎ উৎপাদন হলেও সোমবার গ্যাসে খরচ হয়েছে ৭ কোটি ২৮ লাখ টাকা। আর তেলে খরচ হয়েছে ৪৭ কোটি ১৫ লাখ টাকা।