‘স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা বিদ্যুৎ নেই’
কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ‘২৪ ঘণ্টা বিদ্যুৎ না থাকায়’ চিকিৎসা কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগ করেছে কর্তৃপক্ষ।
তবে, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।
মঙ্গলবার দাউদকান্দি থানা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামীম আহমেদ অভিযোগ করেন, সোমবার দুপুর থেকে সেখানে বিদ্যুৎ নেই। সন্ধ্যায় বিকল্প ব্যবস্থায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ দেয়া হলেও পরে আর দেয়া হয়নি।
এ কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গুরুত্বপূর্ণ এ হাসপাতালে সব ধরনের অস্ত্রোপচার বন্ধ রয়েছে, বলেন তিনি।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম জানান, সোমবার গৌরিপুর পল্লী বিদ্যুতের ফিডারের এসিআর নষ্ট হয়েছিল। সন্ধ্যায় ফিডার মেরামত করে বিদ্যুৎ দেয়া হয়।
২৪ ঘণ্টা বিদ্যুৎ না থাকার অভিযোগ সঠিক নয় দাবি করে তিনি আরো বলেন, নিয়মিত লোডশেডিং দেয়ার কারণে কিছু সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে। তবে তাকে কোনোক্রমেই নিরবচ্ছিন্ন বলা যাবে না।
