নদীর বর্জ্য সরাতে তিন এক্সক্যাভেটর
নদীর তলদেশে জমা পলিথিসনসহ বিভিন্ন বর্জ্য অপসারণে তিনটি লং-বুম এক্সক্যাভেটর পেয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
নৌমন্ত্রী শাজাহান খান মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সদরঘাট শ্যামবাজারের লালকুঠি ঘাটে খননের কাজে ব্যবহৃত এসব যন্ত্রের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনি জানান, পাঁচ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে জাপান থেকে এ যন্ত্রগুলো আনা হয়েছে।
এগুলো দিয়ে প্রথম পর্যায়ে রাজধানীর বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীর পলিথিন ও অন্যান্য বর্জ্য অপসারণের কাজ করা হবে।
অচিরেই শ্যামবাজার থেকে ৩১ হাজার ৫০০ ঘনমিটার বর্জ্য অপসারণের কাজ শুরু হবে বলে জানান শাজাহান খান।
তিনি বলেন, বর্জ্য অপসারিত হলে নদীর নাব্যতা ফিরে আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো.শামছুদ্দোহা খন্দকারসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
