গাজীপুরে পুলিশের গুলিতে ডাকাত নিহত
গাজীপুরের শ্রীপুরে সড়ক অবরোধ করে ডাকাতির সময় পুলিশের গুলিতে এক ডাকাত নিহত হয়েছেন।
নিহতের (২৫) পরিচয় জানাতে পারেনি পুলিশ।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া জানান, রাত ৩টার দিকে পুলিশের একটি টহলদল মাইক্রোবাসে করে শ্রীপুর-মাওনা চৌরাস্তা সড়কে টহল দিচ্ছিল।
এ সময় বকুলতলা এলাকায় ১২-১৪ জনের একটি ডাকাতদল সড়কে সিমেন্টের খুঁটি ফেলে মাইক্রোবাসটিকে অবরোধ করে দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায় বলে জানান এসআই।
“পুলিশ তখন আত্মরক্ষার্থে গুলি ছুঁড়লে এক যুবকের মাথায় লাগে। অন্যরা পালিয়ে যায়। ডাকাতদের হামলায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সবুজ মিয়া (৩৫) আহত হয়েছেন।”
গুলিবিদ্ধ যুবককে শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। আহত পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান এসআই গোলাম কিবরিয়া।
শ্রীপুর থানার ওসি আমির হোসেন জানান, লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলা প্রস্তুতি চলছে।
