১৪ লাখ টাকাসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার
রাজধানীর গুলিস্তান থেকে চৌদ্দ লাখ টাকাসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে গুলিস্তান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- রফিকুল ইসলাম পিন্টু, জয়নাল আবেদীন, মাসুদ ও স্বপন।
পল্টন থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পল্টন সিটি হার্টের শাহ আলম নামে এক দোকানদার নবাবপুর শাখার ইসলামী ব্যাংক ও পূবালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে গুলিস্তান স্কয়ারের সামনের দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েক যুবক তার পথরোধ করে চৌদ্দ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।
এ সময় পাশের ট্রাফিক ফাঁড়ির সার্জেন্ট মশিউর রহমানসহ আরো কয়েকজন পুলিশ সদস্য তাদের ধাওয়া করে আটক করেন।
গ্রেপ্তারদের সঙ্গে টাকার ব্যাগ ছাড়া আর কোন অস্ত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন আলমগীর।
