কামালের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
বরিশাল সিটি কর্পোরেশন (বসিক) নির্বাচনে ১৮ দলের মেয়র প্রার্থী আহসান হাবিব কামালের বিরুদ্ধে আবার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে প্রতিপক্ষ।
সোমবার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান সাংবাদিকদের জানান, বিকালে মহাজোটের প্রার্থী শওকত হোসেন হিরনের নির্বাচনী এজেন্ট কে বি এস আহমেদ কবীর এ অভিযোগ দিয়েছেন।
অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান নির্বাচন কমিশনের কর্মকর্তা।
হিরন ‘টেলিভিশন’ এবং কামাল ‘আনারস’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অভিযোগে আরো বলা হয়েছে “হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মসজিদে বসে কামালের নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। যা বিধি ১২ ধারার লঙ্ঘন।”
এসব অভিযোগ উত্থাপন করে নির্বাচন কমিশনের কাছে কামালের প্রার্থীতা বাতিলের অনুরোধ করেছেন হিরনের নির্বাচনী এজেন্ট।
