২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্বকী হত্যা মামলা কেন র‌্যাবে নয়: হাইকোর্ট

নারায়ণগঞ্জে ত্বকী হত্যা মামলার তদন্তে ‘অগ্রগতি না থাকায়’ কেন এ মামলা র‌্যাবের কাছে হস্তান্তরের নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2013, 02:38 PM

Updated : 23 Aug 2022, 10:53 AM

বিচারপতি কাজী রেজাউল হক ও এ বি এম আলতাফ হোসেনের বেঞ্চ গত ২৮ মে এ রুল জারি করেন।

সোমবার সকালে নির্দেশের একটি কপি মামলার বাদী ত্বকীর বাবা রফিউর রাব্বি জেলা পুলিশ সুপারের কাছে পৌঁছে দেন।

মামলাটি তদন্তে ‘নিষ্ক্রিয়তা’ কেন বেআইনি ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছে আদালত।

দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক ও উপ-মহাপরিদর্শক (ঢাকা), জেলা পুলিশ সুপার ও নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা যেন পুলিশের পরিদর্শক পদ মর্যাদার নিচে না হয় সে বিষয়েও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এ বিষয়ে জানতে চাইলে রফিউর রাব্বি বলেন, ত্বকী হত্যাকাণ্ডের পর তিন মাস পার হলেও মামলার কোন দৃশ্যমান অগ্রগতি নেই।

৬ মার্চ শহরের শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর ৮ মার্চ চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদীর পাড় থেকে ত্বকীর লাশ উদ্ধার করা হয়।

এই ঘটনায় ত্বকীর বাবা রফিউর রাব্বি বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

পরে তিনি এই ঘটনায় আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান, সদ্য বহিস্কৃত জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া পারভেজ ওরফে ক্যাঙ্গারু পারভেজসহ ৭ জনকে অভিযুক্ত করে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।