২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণের আরো কাছে যেতে চায় পুলিশ: আইজিপি

দেশের কল্যাণে কাজ করতে জনমতকে গুরুত্ব দিয়ে পুলিশ জনগণের আরো কাছাকাছি যেতে চায় বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2013, 12:08 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

তিনি বলেন, পুলিশ জনগণের কাছাকাছি যেতে চাচ্ছে। জনগণের ভাবনাকে গুরুত্ব দিয়ে তারা দেশের কল্যাণে নিজেদের সম্পৃক্ত করতে চায়।

সোমবার রাজধানীতে ‘জনমতের ভিত্তিতে পুলিশিং’ বিষয়ে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

আইজিপি বলেন, বর্তমানে পুলিশের সামনে এমন অনেক বিষয় আসছে যা আগে দায়িত্বপ্রাপ্ত অনেকেই মোকাবেলা করেননি।

তবে পুলিশ সফলতার সঙ্গেই সেসব প্রতিবন্ধকতা কাটিয়ে উঠছে বলে দাবি করেন তিনি।

বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের প্রশাসক মো. নাজমুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারোয়ার বলেন, পুলিশের ব্যাপারে জনগণের মনে যে নেতিবাচক ভাবমূর্তি আছে রাতারাতি তার পরিবর্তন হবে না।

তিনি বলেন, দেশের রাজনৈতিকরা ঐকমত্যে পৌঁছাতে না পারলে; দেশে রাজনৈতিক সংঘাতময় পরিস্থিতি থাকলে এবং পুলিশের উপর রাজনৈতিক হস্তক্ষেপ চলতে থাকলে পুলিশ তার উপর ন্যস্ত দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারবে না।

সভায় দেশের সাংবাদিক দম্পত্তি সাগর-রুনিসহ বিভিন্ন হত্যাকাণ্ডের রহস্য পুলিশ উদ্ঘাটন করতে পারছে না বলে অভিযোগ করেন তিনি।

প্রবীণ এই সাংবাদিক বলেন, “এসব মামলার তদন্ত র‌্যাব ও গোয়েন্দাদের উপর ন্যস্ত হচ্ছে। এটা পুলিশের একধরনের ব্যর্থতাই বলা যেতে পারে।” 

এতে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল, শিশু অধিকার সংগঠন অপরাজেয় বাংলার নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু স্বপ্না, আশা বিশ্ববিদ্যালয়ের উপাচার‌্য ডালেম চন্দ্র বর্মন ও সুচিন্তা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. এ আরাফাত।