২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোড়া খুন: মিলন ও সোহেল রিমান্ডে

রাজধানীর শেওড়াপাড়ায় জোড়া খুনের মামলায় গ্রেপ্তার মিলন ও সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2013, 12:01 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

সোমবার দুপুরে ঢাকা মহানগর হাকিম আশিকুর রহমান এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শখ হুমায়ূন কবীর জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাইলে পাঁচদিন করে মঞ্জুর করেন বিচারক।

শুক্রবার দুপুরে শেওড়াপাড়ার শামীম সরণীতে ওই মেস থেকে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা খায়রুল বাশার হাওলাদার (২৮) ও বেসরকারি গ্রিন বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র আনহারুল ইসলাম রাজিবের (২৮) লাশ উদ্ধার করে পুলিশ। তাদের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়।

খায়রুলের চাচা মোস্তফা কামাল মামুন শুক্রবার রাতেই শেরে বাংলা নগর থানায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন।

ঘটনার পরপরই ওই মেসের দুই সদস্য ফারুক ওরফে রুবেল, করিম এবং গৃহকর্মী বকুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। বকুলের দেয়া তথ্যের ভিত্তিতেই মিলনকে খোঁজা হচ্ছিল। শনিবার রাতে টঙ্গী থেকে মিলনকে গ্রেপ্তার করে র‌্যাব।

রিমান্ড আবেদনে বলা হয়, মিলনকে আশ্রয় দেয় সোহেল। হত্যার কথা মিলন স্বীকারও করেছে। কিন্তু এর সঙ্গে আর কারা জড়িত আছে এবং কি কারণে হত্যা করেছে তা জানার জন্য আসামিদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন।