২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেবোত্তর সম্পত্তি: অনিয়মে জেল জরিমানা

হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উপাসনালয়ের সম্পত্তি বেহাত হওয়া, অপদখল ও হস্তান্তর বন্ধে এবং এর ব্যবস্থাপনাকে নিয়মের আওতায় আনতে শাস্তির বিধান রেখে একটি আইনের খসড়া অনুমোদন করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2013, 07:25 AM

Updated : 23 Aug 2022, 10:54 AM

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘দেবোত্তর সম্পত্তি ব্যবস্থাপনা আইন ২০১৩’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, এ আইনের আওতায় একটি দেবত্তর সম্পত্তি বোর্ড গঠন করা হবে। বোর্ডের আওতায় একটি পরিচালনা পর্ষদ থাকবে, একটি স্থায়ী অফিস হবে এবং  একজন দেবোত্তর প্রশাসক থাকবেন, যিনি হবেন এই বোর্ডের সদস্য সচিব।

আইনে প্রশাসকের কাজ নির্দিষ্ট করা হয়েছে জানিয়ে সচিব বলেন, সরকারের যুগ্ম-সচিব পদমর্যাদার একজন হিন্দু কর্মকর্তা এই বোর্ডে প্রশাসকের দায়িত্বে থাকবেন।

পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হবেন হিন্দু কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান (পদাধিকার বলে) এবং ১৫ জন বিশিষ্টি ব্যক্তি এর সদস্য থাকবেন।

দেশের প্রত্যেক জেলায় দেবোত্তর সম্পত্তি বোর্ডের কার্যক্রম চলবে। পদাধিকার বলে জেলা প্রশাসক জেলা বোর্ডের প্রধান হবেন।

এই আইন পাস হলে কেন্দ্রীয় ও জেলা বোর্ডের মাধ্যমে হিন্দু ধর্মীয় উপাসনালয়গুলোর সম্পত্তির তালিকা তৈরি করা হবে। এসব সম্পত্তি ব্যবস্থাপনা, উন্নয়ন এবং প্রয়োজনে হস্তান্তর করা হবে।

দেবোত্তর সম্পত্তির অব্যবস্থাপনা এবং মিথ্যা তথ্য দেয়ার জন্য এ আইনে শাস্তির বিধানও রাখা হয়েছে।

ব্যবস্থাপনার দায়িত্বে যারা থাকবেন তাদের গাফলতি বা অব্যবস্থানার অভিযোগ প্রমাণিত হলে ৫ হাজার টাকা জরিমানা এবং এক বছরের কারাদণ্ড এবং সম্পত্তির বিষয়ে মিথ্যা তথ্য দিলে এক বছর কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার কথা বলা হয়েছে খসড়ায়।

সচিব জানান, দেবোত্তর সম্পত্তি নিয়মিত নিরীক্ষার ব্যবস্থা করা হবে এবং বোর্ডের যে কেন্দ্রীয় তহবিল থাকবে তাও নিরীক্ষার আওতায় থাকবে।

দেবোত্তর সম্পত্তির আয় থেকে বোর্ডের কেন্দ্রীয় তহবিলে চাঁদা দিতে হবে বলেও আইনে উল্লেখ করা হয়েছে।

এ আইনের মাধ্যমে দেবোত্তর সম্পত্তি হস্তান্তর এবং বোর্ডের অনুমতি ছাড়া এ ধরনের সম্পত্তির বিপরীতে ঋণ নেয়া নিষিদ্ধ করা হয়েছে।

এ আইন হলে সার্বিকভাবে হিন্দু ধর্মালম্বীদের কল্যাণ হবে বলেও মন্তব্য করেন সচিব।

হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উপাসনালয়ের সম্পত্তির ব্যবস্থাপনায় প্রথমবারের মতো এই আইন করছে সরকার। গত ১০ ডিসেম্বর এ আইনের খসড়ায় মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দেয়।