২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ৪ জঙ্গিকে সাজা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন আল্লাহর দলের সাজাপ্রাপ্ত চার নেতাকে আরো তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে জেলার একটি আদালত।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2013, 05:09 PM

Updated : 23 Aug 2022, 10:53 AM

রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন নিষিদ্ধ দলটির প্রধান মতিন মেহেদী ও তার সহযোগী মনোয়ার হোসেন, আনোয়ার হোসেন ও জোবেদ আলীকে এই দণ্ড দেন।

এ ছাড়া তাদের প্রত্যেককে তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের সাজা দেয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর আগে বিস্ফোরক দ্রব্য আইনে ২০১১ সালের ১১ এপ্রিল আদালত এই চার আসামির প্রত্যককে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছিল। নতুন রায়ের পর তাদের সাজা বেড়ে ২৩ বছর হলো।

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা চালানোর অভিযোগে আদালতে মোট ৪৬ জনের বিরুদ্ধে মামলা হলেও অভিযোগ গঠন হয় ৪৫ জনের বিরুদ্ধে। ৪১ জন আসামির অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

২০০৭ সালের ১৮ এপ্রিল অভিযুক্ত আসামিদের কুড়িগ্রাম শহরের হাটিরপাড় এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।