শাবিতে ছাত্রলীগের একাংশের ধর্মঘট অব্যাহত
গ্রীষ্মের ছুটির পর বিশ্ববিদ্যালয় খোলার প্রথম দিন থেকে ছাত্রলীগের একাংশের ধর্মঘটে অচল হয়ে পড়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এ কারণে রোববার বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে ক্লাস ও পরীক্ষা হয়নি।
শাবি ছাত্রলীগ নেতা ও কেন্দ্রীয় কমিটির সদস্য উত্তম কুমার দাশকে ছাত্রলীগ থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ তিন দফা দাবিতে গত ১১ মে অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ডাক দেয় পদবঞ্চিত ছাত্রলীগ নেতাকর্মীরা।
এ পরিস্থিতিতে ছুটি এগিয়ে এনে বিশ্ববিদ্যালয় বন্ধ ও শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
ছুটি শেষে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আনা-নেয়া করার বাস চলাচল করলেও সিলেট নগরী থেকে শিক্ষার্থীদের বাস বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছাতে পারেনি।
নগরীর সুবিদবাজার ও মদিনা মার্কেট এলাকায় ধর্মঘট সমর্থকরা শিক্ষার্থীদের বাস থেকে নামিয়ে দেয়।
গত ৮ মে রাতে ১০ বছর পর শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি অনুমোদনের পর চার দফায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন শাবি ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক সামসুজ্জামান চৌধুরী সুমন, শাবি ছাত্রলীগের নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. ইমরান খান ও সহ সভাপতি রঞ্জিত দেবসহ ছয় নেতাকর্মী।
সুমনের উপর হামলার দায়ে ১০ মে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে উত্তম কুমার দাশকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।
ধর্মঘটকারীদের অন্য দাবিগুলো হচ্ছে- নবগঠিত কমিটি বাতিল, ছাত্রলীগ নেতা ইমরান ও রঞ্জিতের উপর হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি।
শাবি শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ বলেন, বহিষ্কারাদেশের বিষয়টি আড়াল করতে তারা ধর্মঘটের ডাক দিয়েছে। এটা ছাত্রলীগের কোনো কর্মসূচি নয়।
প্রক্টর হিমাদ্রী শেখর রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধর্মঘট আহ্বানকারীদের একটি দাবি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্কিত, যা পূরণের বিষয়টি প্রশাসন বিবেচনা করবে।
অন্য দুটি দাবি তাদের একান্তই সাংগঠনিক, যার সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো সম্পর্ক নেই।
উদ্ভূত পরিস্থিতে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান প্রক্টর।
