‘বরিশালে হেফাজত কাউকে সমর্থন দেয়নি’
বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র পদে হেফাজতে ইসলাম কোনো প্রার্থীকে সমর্থন দেয়নি বলে জানয়েছেন শীর্ষ নোতারা।
হেফাজতে ইসলামের বরিশাল বিভাগীয় সভাপতি মাওলানা ওবায়দুর রহমান মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হেফাজত কাউকে সমর্থন দেয়নি। সব প্রার্থীকে তারা দোয়া করেছেন।
তিনি বলেন, হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক সংগঠন নয়। সিটি নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা সবাই এই নগরীর বাসিন্দা। তাই কাউকে এককভাবে সমর্থন দেয়ার প্রশ্নই ওঠে না।
এদিকে, হেফাজতে ইসলামের সমর্থন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মেয়র পদে প্রতিদ্বন্দ্বীরা।
মেয়র পদপ্রার্থী শওকত হোসেন হিরন ও মাহমুদুল হক খান মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হেফাজতের নেতাকর্মীরা তাদের সঙ্গে আছেন।
আর অপর প্রার্থী আহসান হাবিব কামালেরও দাবি, হেফাজত তাকে সমর্থন দিয়েছে।
১৪ দল সমর্থিত সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী মহানগর আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন হিরন, বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী নাগরিক পরিষদের আহসান হাবিব কামাল এবং যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী ১৫ জুন বরিশাল, খুলনা, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনে নির্বাচন হবে।
