সাকার বিরুদ্ধে সাক্ষীর মৃত্যুর তদন্ত দাবি
বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার সাক্ষী সৈয়দ ওয়াহিদুল আলম জুনুর মৃত্যু ঘটনা তদন্তের দাবি জানিয়েছে তার পরিবার।
এ মৃত্যুর পিছনে স্থানীয় এক বিএনপি নেত্রীর হাত রয়েছে বলেও অভিযোগ তাদের।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান জুনুর বড় মেয়ে সৈয়দা শামীমা ওয়াহিদ।
তিনি বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ঢাকায় সাক্ষ্য দিয়ে আসার দুই দিনের মাথায় রহস্যজনকভাবে তার বাবার মৃত্যু হয়।
জুনু ছিলেন সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে প্রসিকিউশনের ১৯তম সাক্ষী। গত ২২ ফেব্রুয়ারি চট্টগ্রামে মারা যান তিনি।
তার মেয়ে বলেন, এলাকায় বিএনপি নেত্রী হিসেবে পরিচয়দানকারী জান্নাত আরা রোকসানা নামে এক মহিলা তার খালা অ্যাডভোকেট পারভীন আক্তারকে ফোন করে প্রথমে জুনুর মৃত্যু সংবাদ দেন।
তাছাড়া একজন মহিলা মৃত অবস্থায় তার বাবাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান,পরে যার কোনো হদিস পাওয়া যায়নি।
এদিকে, জুনুর মৃত্যুর পর তার পৈত্রিক সম্পত্তিও দখলের পাঁয়তার করছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
শামীমা বলেন, “বাবার মৃত্যুর পর রহিমা বেগম নামে এক মহিলা আমার বাবার দ্বিতীয় স্ত্রী পরিচয় দিয়ে লালখান বাজার ঢেবার পাড় এলাকায় গড়ে উঠা জুনু মার্কেটের পুরোটাই দখল করে জোর করে ভাড়া আদায় করছেন।”
লিখিত বক্তব্যে বাবার মৃত্যুরহস্য উদঘাটনের পাশাপাশি সম্পত্তি রক্ষার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।
শামীমা ওয়াহিদ বলেন, তার বাবার মৃত্যুর পর ময়নাতদন্ত হয়েছে। কিন্তু তিন মাস পরেও তারা কোনো প্রতিবেদন হাতে পাননি।
বাবার মৃত্যুর জন্য কাউকে দায়ী করছেন কি না জানতে চাইলে তিনি বলেন, “আমরা বাবার মৃত্যুর জন্য বিএনপি নেত্রী জান্নাত আরা রোকসানা, রহিমা বেগম এবং হাসপাতালে লাশ নিয়ে যাওয়া অজ্ঞাত মহিলার হাত রয়েছে বলে সন্দেহ করছি।”
জান্নাত আরা রোকসানা তার বাবাকে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে নিষেধ করেছিলেন বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ওয়াহিদুল আলম জুনুর স্ত্রী মাহমুদা ওয়াহিদ, ছোট মেয়ে তানিয়া ওয়াহিদ, বোন লায়লা আরজুমান বানু, জোবাইরা আক্তার, ইয়াসমিন আক্তার, নাহার সুলতানা, ভাই কামরুল আলম, নূরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
