সিলেটে ‘ধারাবাহিকতা’ আর ‘পরিবর্তনের’ লড়াই
অসমাপ্ত কাজ শেষ করতে চাই- এই বলে ভোট চাইছেন বদরউদ্দিন আহমদ কামরান; আর আরিফুল হকের স্লোগান- পরিবর্তন চাই।
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে এই দুই মেয়র প্রার্থীর লড়াই কার্যত জাতীয় রাজনীতিতে দুই প্রধান জোটের লড়াইয়ে রূপ নিয়েছে।
আওয়ামী লীগ নেতা বদরউদ্দিন কামরান মেয়র পদে গতবার সহজে পার হলেও এবার কোন্দল আপাত মিটিয়ে ফেলা বিএনপির প্রার্থী সাবেক ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক চৌধুরী শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে বলে নগরবাসী মনে করছেন।
জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দিলদার হোসেন সেলিম আশা করছেন, সিটি নির্বাচনের মাধ্যমেই বিএনপি সিলেটে তার হারানো অবস্থা ফিরে পাবে।
“আর এর মধ্য দিয়ে আগামী সংসদ নির্বাচনেও ইতিবাচক প্রভাব বিস্তার করবে ১৮ দলীয় জোট,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।
বিগত সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি আসনেই জয়ী হয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। পরে উপ-নির্বাচনে ১৮ দলীয় জোট একটি আসন পুনরুদ্ধার করে।
আওয়ামী লীগ নেতারা মনে করছেন, উন্নয়নের কাজ যে তারা করে যাচ্ছেন, তার প্রতিফলন ভোটেও পড়েব।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকার জনগণের প্রত্যাশা পূরণে অনেকটাই সফল। ভোটেই এর প্রমাণ মিলবে।”
এম সাইফুর রহমানের মৃত্যু, ইলিয়াস আলীর অন্তর্ধানে অনেকটা অভিভাবকহীন সিলেট বিএনপি সিটি নির্বাচন নিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে।
প্রথমে বেশ কয়েকজন প্রার্থী হওয়ায় বিভক্তি দেখা দিলেও শেষে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সমর্থন আরিফুল পাওয়ার পর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন মহানগর বিএনপির সহসভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকি ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি শামসুজ্জামান জামান।
এরপর বিএনপিকে ঐক্যবদ্ধভাবেই আরিফুলের পক্ষে প্রচার চালাতে দেখা যাচ্ছে। আর আরিফুল ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বলছেন, পরিবর্তন আনতে হবে।
আরিফুল হকের নির্বাচনী প্রচারে ফলাওভাবে তুলে ধরা হচ্ছে চারদলীয় জোট সরকারের আমলে নগরীর নানা উন্নয়নের কথা।
আরিফুল ওই সময় সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, ছিলেন সিটি কর্পোরেশনের ‘নগর উন্নয়ন কমিটি’র চেয়ারম্যানও; যদিও তখন মেয়র ছিলেন বদরউদ্দিন কামরান।
তখন নগরীর ক্বীন ব্রিজের সৌন্দর্যবর্ধন, কয়েকটি ফোয়ারা স্থাপন, নগরীর রাস্তাঘাট প্রশস্তকরাসহ দৃশ্যমান উন্নয়নের কথা তুলে ধরছেন আরিফুল হক।
তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরান বলেন, “আরিফুল যে সব উন্নয়ন করেছিলেন বলে এখন ভোটের সময় দাবি করছেন, তা ছিলো লোকদেখানো। তখন লুটপাটও হয়েছে।”
ভোট চেয়ে নগরবাসীর কাছে সিলেটে মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান।
ভোট চেয়ে প্রচারে সিলেটের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।
