চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতী সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
মঙ্গলবার রাত ১০টার দিকে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে মেদেনীপুর সীমান্তে তাকে আটক করা হয় বলে জানায় বিজিবি।
আটক রেজাউল (২৫) জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের আজিজুল ইসলামের ছেলে।
চুয়াডাঙ্গার ৬ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, সন্ধ্যায় রেজাউল গরু আনার জন্য মেদেনীপুর সীমান্ত দিয়ে ভারতে যান। রাত ১০টায় গরু নিয়ে ফেরার পথে ধরা পড়েন বিএসএফের হাতে।
এ ঘটনায় বুধবার সকাল ৯টায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হলেও রেজাউলকে ফেরত দেয়নি বিএসএফ।
বিএসএফের উদ্ধৃতি দিয়ে তিনি আরো জানান, বিএসএফের স্পেশাল ব্রাঞ্চের টহল টিম রেজাউলকে ভারতের কৃষ্ণনগর থানায় হস্তান্তর করেছে।
