২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বিএনপির সমাবেশে হাতবোমা বিস্ফোরণ

বগুড়ায় হরতালে বিএনপির সমাবেশে হাতবোমার বিস্ফোরণ হয়েছে। তবে, এতে কেউ আহত হয়নি।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2013, 08:25 AM

Updated : 23 Aug 2022, 10:51 AM

সোমবার সকাল ১০টার দিকে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় বিএনপির এ সমাবেশ চলছিল।

প্রত্যক্ষদশীরা জানান, সমাবেশ চলাকালে ছাত্রদলের দুগ্রুপের উপস্থিতি নিয়ে বিরোধ শুরু হয়। এক পর্যায়ে বিএনপির জেলা কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন বক্তব্য দেয়ার সময় কয়েকটি হাতবোমা বিস্ফোরিত হয়।

এর পরপরই পুলিশ রবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে হরতাল সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে পাঁচজন আহত হয়েছেন।

এরা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কুটিরশিল্প বিষয়ক সম্পাদক হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া পৌরসভার প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস, মহিলা দল নেত্রী নিলুফা কুদ্দুস, বেলাল হোসেন চুন্ন এবং ২০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রোস্তম আলী।

এদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ওই ঘটনার পর বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেয়।

বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, সমাবেশে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

বগুড়া সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম বলেন, সাতমাথায় সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়েছে।

বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম অভিযোগ করেন, শান্তিপূর্ণ সমাবেশে সরকারের ছত্রছায়ায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালানো হয়েছে। পুলিশ তাদের শান্তিপূর্ণ সমাবেশ ভণ্ডুল করতে টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিএনপি সোমবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহবান করে।