২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বজিৎ হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার চার্জশিটভুক্ত এক আসামিকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2013, 04:28 AM

Updated : 23 Aug 2022, 10:51 AM

গ্রেপ্তার গোলাম মোস্তফার (২৩) বাড়ি জেলার সাটুরিয়া থানার রাজৈর গ্রামে।তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজ কর্ম বিভাগের স্নাতকোত্তর পর্বের ছাত্র।

সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সওগাতুল আলম জানান, রোববার রাত ১০টার দিকে গ্রামের বাড়ি থেকে গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়।

গত ৯ ডিসেম্বর বিরোধীদলের অবরোধের সময় পুরান ঢাকায় সরকার সমর্থকদের হামলায় দরজি দোকানি বিশ্বজিত নিহত হন।

হত্যাকাণ্ডের প্রায় তিন মাস পর গত ৫ মার্চ  ২১ ছাত্রলীগ কর্মীকে আসামি করে  আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

আসামিরা সবাই ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার কর্মী বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। আসামিদের মধ্যে ১৩ জন এখনো পলাতক রয়েছেন।

এ ঘটনায় জড়িত অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান নয় ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অভিযোগপত্রে বলা হয়, ওই হত্যাকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২১ কর্মীর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। মামলার চার আসামি ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, যাতে হত্যা রহস্য উন্মোচিত হয়েছে।

অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন- রফিকুল ইসলাম শাকিল, রাজন তালুকদার, ইউনুস আলী, কাইউম মিয়া টিপু, এইচ এম কিবরিয়া, ওবায়দুর কাদের তাহসিন, আজিজুর রহমান, আলাউদ্দিন, ইমরান হোসেন, মোস্তফা, মাহফুজুর রহমান নাহিদ, রাশেদুজ্জামান শাওন, মীর নূরে আলম লিমন, আল-আমিন, সাইফুল ইসলাম, রফিক, এমদাদুল হক, কামরুল, তমাল, পাভেল ও মোশাররফ।

এদের মধ্যে শাকিল, নাহিদ, এমদাদ, শাওন, কিবরিয়া, সাইফুল ও কাইয়ুমকে অভিযোগপত্রে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 

পুরনো খবর:

বিশ্বজিত হত্যা: অভিযোগ গঠন পিছিয়েছে