২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে দুই শিক্ষক জেলে

উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে জেলহাজতে পাঠিয়েছে আদালত।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2013, 01:52 PM

Updated : 23 Aug 2022, 10:48 AM

মঙ্গলবার মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সদর উপজেলার শত্রুজিৎপুর কালিপ্রসন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুদ্দিন মোল্যা ও সহকারি প্রধান শিক্ষক নূরুল আলমকে জেলহাজতে পাঠায়।

মামলার বাদীপক্ষের আইনজীবী আবু নঈম মিলন জানান, বিদ্যালয়ের শিক্ষার্থী রিনা খাতুন ও সুমি সাহার নামে চলতি বছরে সরকারি উপবৃত্তির ২ হাজার করে টাকা বরাদ্দ হয়।

গত ৩ মার্চ ব্যাংক থেকে সেই টাকা উত্তোলন করেন শিক্ষকরা। পরে ওই দুই শিক্ষক রিনা খাতুনকে ৮০০ ও সুমি সাহাকে ৯০০ টাকা দেন।

এ ব্যাপারে রিনা খাতুনের বাবা হাসেম বিশ্বাস ও সুমি সাহার বাবা সুধীর সাহা দুটি মামলা দায়ের করেন।

মঙ্গলবার সেই মামলায় আদালতে হাজির হয়ে দুই শিক্ষক জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বলে জানান আইনজীবী।