তিন হেফাজত নেতা ৪ দিনের হেফাজতে
মতিঝিল থানার দুই মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম-আহ্বায়কসহ তিন নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে দুই মামলায় ১০ দিন করে মোট ২০ দিনের হেফাজতের আবেদন করেন।
এই তিন নেতা হলেন- হেফজতে ইসলামের যুগ্ম-আহ্বায়ক হাফেজ মিজানুর রহমান, কাফরুল থানার আহ্বায়ক মুফতি আবুল বাশার নোমানি এবং মুফতি ইমরান মাজহারী।
এদের মধ্যে ইমরান মাজহারী লালবাগ শাহী মসজিদের খতিব ও জামিয়া আরাবিয়া খাদেমুল ইসলামি মাদ্রাসার প্রিন্সিপাল। মিজানুর রহমান একই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল এবং আবুল বাশার মিরপুর জামিউল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল।
রোববার সন্ধ্যায় রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হেফাজতের সমাবেশের নামে মতিঝিল এলাকায় তাণ্ডবের ঘটনায় দায়ের করা দুটি মামলার তারা আসামি। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
গত ৫ মে ঢাকা অবরোধ শেষে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নিয়ে সমাবেশ করে চট্টগ্রামভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। তাদের সমাবেশ চলাকালে দুপুর থেকে রাত পর্যন্ত পল্টন, বায়তুল মোকাররম, বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও মতিঝিলে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।
সন্ধ্যায় নির্ধারিত সময় পার হওয়ার পরেও সমাবেশ শেষ না হওয়ায় গভীর রাতে সেখানে অভিযান চালিয়ে হেফাজত কর্মীদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
আসামিপক্ষের আইনজীবী জসিমউদ্দিন ও খোরশেদ আলম মিয়া আদালতকে বলেন, “৫ মে মতিঝিল এলাকায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর এবং এসআই শাহজাহান হত্যার সঙ্গে এই তিনজন কোনোভাবেই জড়িত নন। তাদের রিমান্ড আবেদন বাতিল করে জামনি দেয়া হোক।”
তবে শুনানি শেষে আদালত জামিন নাকচ করে রিমান্ড মঞ্জুর করে।
রাষ্ট্রপক্ষে হেফাজত আবেদনের শুনানি করেন এ আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুল গাফ্ফার।
