শ্রমিক মজুরি বৃদ্ধি ও কল্যাণ তহবিলের প্রস্তাব
দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে প্রতিবছর পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং তাদের জন্য কল্যাণ তহবিল গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন এক আলোচনা সভার বক্তারা।
শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘সাভার ট্রাজেডি, পোশাক শিল্প খাত ও ভবিষ্যত করণীয়’ বিষয়ক আলোচনা সভায় এ প্রস্তাব করেন অর্থনীতিবিদ, রাজনীতিক ও শ্রমিক নেতারা।
সভায় মূল প্রবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এম এম আকাশ বলেন, পোশাক খাতে দুর্ঘটনা রোধে জরুরি ভিত্তিতে কারখানা ভবনের নির্মাণ মান পরীক্ষা করে ঝুঁকি নির্ধারণ ও সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে তাদের জন্য কল্যাণ তহবিল গঠনের প্রস্তাব করেন এই অর্থনীতিবিদ।
তিনি বলেন, “এক গবেষণায় দেখা গেছে, মালিকরা তাদের অর্জিত মুনাফার মাত্র পাঁচ শতাংশ শ্রমিক কল্যাণ তহবিলে জমা দিলেই প্রতিবছর তহবিলে ৩০০ কোটি টাকা জমা হত। এ অর্থ দিয়ে শ্রমিকদের নতুন বাসস্থান তৈরি করা যেত।”
এছাড়া আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের কাছ থেকে নায্যমূল্য পাওয়ার জন্য তাদের সঙ্গে দর কষাকষির ওপরও গুরুত্ব দেন তিনি।
আলোচনায় অর্থনীতিবিদ খন্দকার ইব্রাহিম খালেদ বলেন, “পোশাক খাতের উন্নয়নকে ত্বরান্বিত করতে অবশ্যই শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়াতে হবে। যে শ্রমিকরা দীর্ঘদিন ধরে সপ্তম গ্রেডে বেতন পান, এক বছর পার হলেই তাদের পরবর্তী গ্রেডের সুবিধা দেয়া দরকার।”
কারখানাগুলোতে ‘শ্রমিক কল্যাণ তহবিল’ গঠনের পক্ষে মত দিয়ে কৃষি ব্যাংকের চেয়ারম্যান খালেদ বলেন, শ্রমিকরা কোনো ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়লে এ তহবিল খেকেই প্রয়োজনীয় সহযোগিতা পেতে পারেন।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, “গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি দারিদ্র্যসীমার কাছাকাছি- এটা মেনে নেয়া কষ্টকর।”
অবস্থার পরিবর্তনে একটি সুষ্ঠু পরিকল্পনা প্রণয়নের ওপর জোর দেন তিনি।
এছাড়া শ্রমিকবান্ধব কারখানাগুলোকে চিহ্নিত করে সেগুলোর মালিকদের সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়ারও প্রস্তাব করেন তিনি।
সভায় ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান বলেন, মালিকদের অবজ্ঞা ও অবহেলার শিকার হয়ে অনিরাপদ কর্মপরিবেশে শ্রমিকদের কাজ করতে হচ্ছে।
“শ্রমিকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না করার কারণেই বার বার দুর্ঘটনা ঘটছে।”
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, “সাভার ট্রাজেডি রানাদের ক্ষমতার স্তম্ভ দেখিয়ে দিয়েছে। শাসক দলের লোক না হলে শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কারখানায় কাজ করতে বাধ্য করতে পারতো না।”
মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়তে হলে শ্রমিকদের শক্তিশালী করতে হবে বলে মনে করেন তিনি।
