ঝুকিপূর্ণ ব্যারাক থেকে সরিয়ে নেয়া হল পুলিশ সদস্যদের
পিরোজপুরে একটি ব্যারাকে ফাটল দেখা দেয়ায় ‘ঝুকিপূর্ণ’ বিবেচনা করে সেখানকার বাসিন্দা পুলিশ সদস্যদের সরিয়ে নেয়া হয়েছে।
শুক্রবার জেলা পুলিশ সুপার এবং বেশ কয়েকজন প্রকৌশলী পিরোজপুর পৌরসভার রায়েরকাঠী এলাকায় অবস্থিত তিনতলা ভবনটি পরিদর্শন করেন।
তারপরই ঝুঁকিপূর্ণ অংশের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেন।
পুলিশ পরিদর্শক মো. বজলুর রহমান খান বলেন, ব্যারাক হাউজের বিভিন্ন কলামসহ ভবনের পশ্চিমাংশে অসংখ্য ফাটল সৃষ্টি হওয়ায় পুরো ভবনটিই এখন ঝুঁকির মধ্যে রয়েছে বলে গণপূর্ত, সওজ ও এলজিইডির প্রকৌশলীরা জানিয়েছেন।
বুধবার থেকে ছোট ছোট ফাটল দেখার পর শুক্রবার ফাটলের আকার মারাত্মক হওয়ায় পুলিশ সুপার ও অন্যান্য বিভাগের প্রকৌশলীদেরকে খবর দিয়ে আনা হয় বলে জানান বজলুর।
