২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথে ছুরিকাঘাতে কর্মচারীর মৃত্যু

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির এক নেতার ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের আরেক কর্মচারী নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2013, 10:49 AM

Updated : 23 Aug 2022, 10:46 AM

নিহত কামাল হোসেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের কর্মচারী ছিলেন।

সাড়ে ১০টার দিকে ঘাতক মোহাম্মদ ইকবাল হোসেনকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা থেকে আটক করা হয়েছে বলে জানান কোতোয়ালি থানার ওসি আবুবকর সিদ্দীক।

ইকবাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতিরি সাধারণ সম্পাদক।

শুক্রবার সকাল ১০টার দিকে ভিসি কার্যালয়ের পেছনে কামালকে ছুরিকাঘাত করে ইকবাল। গুরুতর আহত কামালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুপুর ১টার দিকে তিনি মারা যান।

কোতোয়ালি থানার ওসি আবুবকর সিদ্দীক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কামালকে হাসপাতালে আনার পর আমি তার সঙ্গে সামান্য কথা বলে যা জেনেছি তা হলো, একটি মেয়ের সঙ্গে ইকবালের বিবাহ বহির্ভূত সম্পর্কের জের ধরে তাদের মধ্যের বিরোধ দেখা দেয়। ওই কারণে ইকবাল ক্ষুব্ধ হয়ে কামালকে ছুরি মারে বলে আমাকে জানিয়েছে।”

ইকবাল বিবাহিত এবং তার সন্তান রয়েছে বলে জানান ওসি।