২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শফীর বিরুদ্ধে রিট আবেদন রুল ছাড়াই নিষ্পত্তি

কুরআনে আগুন দেয়ার ঘটনায় হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে করা রিট আবেদন কোনো রুল না দিয়েই নিষ্পত্তি করে দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2013, 03:10 PM

Updated : 23 Aug 2022, 10:46 AM

বুধবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চে কিছু পর্যবেক্ষণসহ রিট আবেদনটি নিষ্পত্তি করে দেয়।

পল্টনে হেফাজতের কর্মীদের তাণ্ডবের পর গত ৬ মে আইনজীবী এম আমিনুর রশিদ রাজু রিট আবেদনটি করেছিলেন।

৫ মে বায়তুল মোকাররমে কুরআন শরীফে আগুন দেয়ার ঘটনায় হেফাজতের আমির আহমদ শফীর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না, তা জানাতে স্বরাষ্ট্র সচিব এবং পুলিশ মহাপরিদর্শকের প্রতি কারণ দর্শানোর রুলের আর্জি জানানো হয় ওই আবেদনে।

একইসঙ্গে এই ঘটনায় অবস্থান ব্যাখ্যা করতে তিন বিবাদী স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক ও শাহ আহমদ শফীকে আদালতে তলবের আবেদনও করেন তিনি।

আদালত প্রাথমিক শুনানির পর রুল বা অন্তর্বর্তীকালীন আদেশ না দিয়ে রিট আবেদনটি নিষ্পত্তি করে দেয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত কিছু পর্যবেক্ষণ দিয়েছে। তবে তা উন্মুক্ত আদালতে উল্লেখ করেননি। পরে বিস্তারিত আদেশে তা উল্লেখ থাকবে।