লোকজনকে নিরাপদ আশ্রয়ে নেয়ার নির্দেশ
ঘূর্ণিঝড় মহাসেনের সম্ভাব্য আঘাত মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।
সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও একটি গুমোট গরম রয়েছে। রাত দুটার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল।
৭ নম্বর সতর্কতা সংকেত ঘোষণার পর মানুষের মধ্যে কিছুটা সতর্কতা লক্ষ করা যাচ্ছে। জেলা প্রশাসন থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।
এদিকে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের এক জরুরি সভা হয়েছে।
জেলা প্রশাসক মো. রুহুল আমিনের সভাপতিত্বে এ সভায় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, দুপুর ১টা থেকে কক্সবাজার বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। দুপুর ২টা থেকে উপকূলের লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার কাজ শুরু করা হবে।
এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার সকালে সহকারী পুলিশ সুপার বাবুল আক্তার বলেন, উপকূলের সব আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়া হয়েছে।
সকাল ১১টায় উপকূল এলাকার সব কলেজ ও বিদ্যালয়ে ছুটি দেয়া হয়েছে। এসব এলাকার ৫৩৪টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
আশ্রয়কেন্দ্রে লোকজনকে নিয়ে যাওয়ার জন্য পুলিশ ইতোমধ্যে বিভিন্ন ধরনের যানবাহন রিক্যুইজিশন শুরু করেছে বলেও বাবুল আক্তার জানান।
