২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুরাইনে আরো ১৯ লাশ দাফন

সাভারে ভবন ধসে নিহত আরো ১৯ জনকে জুরাইন করবস্থানে দাফন করা হয়েছে। এ নিয়ে জুরাইনে মোট ২৮৬টি লাশ দাফন করা হলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 12:18 PM

Updated : 25 Apr 2022, 06:44 PM

ঢাকার জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার দুপুরে মিটফোর্ড মর্গ থেকে লাশগুলো আঞ্জুমান মফিদুল ইসলামকে হস্তান্তর করা হয়।

এর আগে সোমবার ৩৩টি লাশ আঞ্জুমানের মাধ্যমে জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছিল।

হারুন জানান, স্বজনের খোঁজ না পাওয়ায় অজ্ঞাতপরিচয় লাশগুলোর ডিএনএ নমুনা রেখে আঞ্জুমানের কাছে দেয়া হয়।

দুর্ঘটনায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১২৭। এর মধ্যে স্বজনদের কাছে ৮৩৬টি লাশ হস্তান্তর করা হয়েছে। বাকি পাঁচটি মৃতদেহের একাধিক দাবি থাকায় ঢাকা ও মিটফোর্ড মর্গে রয়েছে।

ডিএনএর মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করে ওই পাঁচটি লাশ স্বজনদের দেয়া হবে বলে জানান তিনি।

আঞ্জুমান মফিদুল ইসলামের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম বলেন, সবগুলো লাশের ক্রমিক নম্বর দিয়ে জুরাইনে দাফন করা হয়েছে।