২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পোশাক শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান’

অগ্নিকাণ্ড এবং ভবন ধসের মতো ঘটনায় প্রাণহানির পরিপ্রেক্ষিতে শ্রমিকদের দাবি আদায়ে ঐক্যবদ্ধ হওয়া জরুরি- এমন অভিমত এসেছে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের এক আলোচনা সভায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2013, 04:18 PM

Updated : 23 Aug 2022, 10:44 AM

শুক্রবার সকাল জাতীয় প্রেসক্লাবে ‘সাভার ট্র্যাজেডি, আইন ও সর্বোচ্চ শাস্তি এবং ক্ষতিপূরণ’ শীর্ষক এ আলোচনায় বক্তারা বলেন, শ্রমিকদের প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই।

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, “শুধু গলার জোরেই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে না। এর জন্য সংগঠিত হতে হবে, শক্তি সঞ্চয় করতে হবে।”

“শ্রমিকরা সংখ্যাগরিষ্ঠ হলেও দুর্বল, কারণ যারা সংসদে প্রতিনিধিত্ব করেন তারা মালিকদেরই প্রতিনিধি। তারা টাকার ক্ষমতায় কৌশলে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করতে পারেন। তাদের বিরুদ্ধে দাঁড়াতে হলে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোন উপায় নেই।”

বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের আইনি সহায়তা দেয়ারও প্রতিশ্রুতি দেন আইনজ্ঞ কামাল।

তিনি বলেন, “আমাদের স্মৃতিশক্তি অনেক দুর্বল। আমরা খুব শীঘ্রই ভুলে যাই। কিন্তু এবার আমাদের স্মরণশক্তিকে জাগিয়ে রাখতে হবে।”

‘দেশের প্রচলিত আইনে এসব দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের সাজা সম্ভব’ মন্তব্য করে তিনি বলেন, “কিন্তু আমাদের দেশে আইন থাকলেও এর কোন প্রয়োগ নেই।”

শ্রমিকদের ঐক্যব্দ্ধ হওয়ার আহ্বান জানিয়ে অর্থনীতিবীদ আনু মোহাম্মদ বলেন, “শ্রমিকরা সম্মানজনক জীবন যাপন করার সুযোগ পেলে এ ধরনের দুর্ঘটনা হতো না। রানা প্লাজায় চাকরিচ্যুতির হুমকি দিয়ে শ্রমিকদের প্রাণ কেড়ে নেয়া হয়েছে।”

রানা প্লাজার ঘটনার জন্য ভবন ও কারখানা মালিকদের পাশাপাশি বিজিএমইএ এবং সরকারকেও দায়ী করেন তিনি।

শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে সমাবেশ করার পরামর্শ দেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, “১০ লক্ষ শ্রমিক যদি বিক্ষোভ করতো তাহলে সরকার নাকে খৎ দিয়ে তাদের দাবি মেনে নিতো। শ্রমিকদের বিক্ষোভ চললে শ্রম আইনও সংশোধন হতো।”

গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম আয়োজিত এ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল, শ্রমিক নেতা মাহবুবুর রহমান ইসমাইল, আবুল হোসাইন, মন্টু ঘোষ, বাবুল আক্তার, তৌহিদুর রহমান, নাজমা আক্তার, আমেনা আক্তার, শাহ আলম, শাহ আতিউল ইসলাম, মঈনুদ্দিন মন্ডল প্রমুখ।