২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সি ট্রাক বন্ধ: দুর্ভোগে হাতিয়াবাসী

সি ট্রাক দুর্ঘটনার পর বিআইডাব্লিউটিসি ছয় দিন ধরে নদী পারাপার বন্ধ রাখায় ব্যাপক ভোগান্তিতে পড়েছেন নোয়াখালীর হাতিয়া দ্বীপবাসী।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2013, 06:08 AM

Updated : 23 Aug 2022, 10:44 AM

হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহিদুল রহমান জানান, গত ৫ মে সি-ট্রাক উল্টে ৭ জনের মৃত্যুর পর থেকেই বিআইডাব্লিউটিসি পারাপার বন্ধ রেখেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, জেলা সদরের সঙ্গে দ্বীপবাসীর সরাসরি যোগাযোগের একমাত্র মাধ্যম হলো ভাষা শহীদ আবদুর জব্বার ও ভাষা শহীদ আবদুস সালাম নামে বিআইডাব্লিউটিসির দুটি সি-ট্রাক।   

এর মধ্যে ভাষা শহীদ আবদুস সালাম নামের নৌযানটি গত রোববার প্রবল ঝড়ো হওয়ায় কাত হয়ে উল্টে যায়। এতে ৭ যাত্রীর প্রাণহানী ঘটে, আহত হন অর্ধ শতাধিক।

“এরপর থেকে আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সি-ট্রাক চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। শুক্রবার সকালেও পারপার চালু হয়নি।”

স্থানীয়রা জানান, সি-ট্রাক বন্ধ থাকায় মেঘনা নদীর দুই পাড়ে আটকা পড়েছেন শতশত যাত্রী। বহু রোগী উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে যেতে পারছেন না।

দুর্ভোগের শিকার হয়ে নিরূপায় অনেকে ঝুঁকি নিয়ে ট্রলারে চেপে মেঘনা পার হওয়ার চেষ্টা করলেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের নিষেধ করা হচ্ছে। 

বিআইডব্লিউটিসির সি-ট্রাক মাস্টার আবু তাহের বলেন, “কর্তৃপক্ষের অনুমতি পেলেই আমরা আবার যাত্রী পারাপার শুরু করব।”