২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায় দ্রুত কার্যকরের দাবি

যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছে সিপিবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2013, 09:38 AM

Updated : 23 Aug 2022, 10:44 AM

বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেয়। তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের পাঁচটি অভিযোগ প্রমাণিত হয়।

রায় ঘোষণার পর বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “ট্রাইব্যুনাল সঠিকভাবে তার দায়িত্ব পালন করেছে। এই রায়ে দেশবাসী সন্তুষ্ট।”

দ্রুত রায় কার্যকর করার দাবি জানান তিনি।

রায়ে সন্তোষ প্রকাশ করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “জনগণের প্রত্যাশিত রায় হয়েছে। আল বদর সংগঠকের বিচার হয়েছে।”

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সংগঠন জামায়াতে ইসলামীর বিচার দাবি করেন মহাজোট সরকারের এই সংসদ সদস্য।

তিনি বলেন, “আমরা চাই শুধু  আল বদর সংগঠক হিসেবে নয়, আল বদরের নির্মাতা জামায়াতে ইসলামের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হোক।”

১৯৭১ সালে রক্তক্ষয়ী এক যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে, যার বিরোধিতা করে সে সময় পাকিস্তানি বাহিনীর পক্ষে কাজ করে জামায়াতে ইসলামী।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আগের রায়গুলোর পর্যবেক্ষণেও জামায়াতের সাংগঠনিকভাবে যুদ্ধপরাধের বিষয়গুলো উঠে আসে।

কামারুজ্জামানের ফাঁসির আদেশের মধ্য দিয়ে একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালের চতুর্থ রায় হলো।

প্রথম রায়ে গত ২১ জানুয়ারি এ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশ দেয়। একই ট্রাইব্যুনালে ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় রায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়, যা প্রত্যাখ্যান করে রাজধানীর শাহবাগে অবস্থান নেয় হাজার হাজার মানুষ।

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সেই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়লে জনতার দাবির মুখে সরকার ট্রাইব্যুনাল আইন সংশোধন আনে। এর মধ্যে দিয়ে রায়ের বিরুদ্ধে দুই পক্ষেরই আপিলের সমান সুযোগ তৈরি হয়।

গত ২৮ ফেব্রুয়ারি তৃতীয় রায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেয়া হয়।