হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ২ ব্যক্তি নিহত
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন।
বুধবার ভোরে উপজেলার মীরনগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোরের মনিহারপুর গ্রামের ইয়ার উদ্দিনের ছেলে ইউনুস মিয়া (৪৫) ও রাজশাহীর আশরাফপুর গ্রামের খলিল মিয়ার ছেলে বক্কর মিয়া (২৮)।
আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। হতাহতরা সবাই ধানকাটা শ্রমিক।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) কামাল হোসেন জানান, এ শ্রমিকরা ধানকাটতে হবিগঞ্জের নবীগঞ্জে যায়। ভোরে ট্রাকে করে ধান নিয়ে ফিরছিল তারা।
পথে মীরনগর এলাকায় ট্রাকের একটি চাকা পাংচার হয়ে যায়। রাস্তার পাশে দাঁড়ানো ট্রাকটিকে পেছন থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইউনুস মিয়া মারা যান। গুরুতর আহত বক্কর মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
