গাজীপুরে বিদ্যুৎ চুরির দায়ে দুই ব্যক্তি জেলে
গাজীপুরে পল্লীবিদ্যুতের মিটার টেম্পারিং করে বিদ্যুৎ চুরির অভিযোগে দুই ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এরা হলেন- সদর উপজেলার মোগড় খাল এলাকার আনোয়ার হোসেন ও শরীফপুর এলাকার আইনুদ্দিন ব্যাপারী।
গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (কারিগরি) খালেদুল ইসলাম জানান, পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা পারভীন মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালান।
এ সময় সদর উপজেলার চান্দনা এলাকার মো. সামাদ আলীকে ৯১ হাজার ৭৮৫ টাকা, রওশন সড়ক এলাকার ফজলুল হককে ১ লাখ ১২ হাজার ১০৭ টাকা, মোগড় খাল এলাকার আনোয়ার হোসেনকে ২ লাখ ১৩ হাজার ৭১৩, শরীফপুর এলাকার আইনুদ্দিন ব্যাপারীকে ৩ লাখ ৬৩ হাজার ১২৩ টাকা ও ভোগড়া এলাকার বারেক মোল্লাকে ৭১ হাজার ৪৬৫ টাকা জরিমানা করা হয়।
আনোয়ার হোসেন ও আইনুদ্দিন ব্যাপারী জরিমানার টাকা দিতে না পারায় ভ্রাম্যমাণ আদালত তাদের জেল-হাজতে পাঠায় বলে জানান পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা।
