কুরআনে আগুন: আহমদ শফীর বিরুদ্ধে আদালতে আবেদন
কুরআনে আগুন দেয়ার ঘটনায় হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে হাই কোর্টে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় দায়েরের পর সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চে শুনানি জন্য নিয়ে যান আবেদনকারী আইনজীবী এম আমিনুর রশিদ রাজু।
গত রোববার হেফাজতের কর্মসূচির সময় পবিত্র কুরআনে আগুন দেয়ার ঘটনায় সংগঠনটির আমির আহমদ শফীর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না, তা জানাতে স্বরাষ্ট্র সচিব এবং পুলিশ মহাপরিদর্শকের প্রতি কারণ দর্শানোর রুল চাওয়া হয়।
একইসঙ্গে এই ঘটনায় অবস্থান ব্যাখ্যা করতে তিন বিবাদী স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক ও আহমদ শফীকে আদালতে তলবের আর্জিও জানানো হয় এতে।
মতিঝিলে অবস্থানকারী হেফাজতকর্মীদের তুলে দেয়ার পর দায়ের করা এই আবেদনে বলা হয়, হেফাজত অবরোধ সৃষ্টি করে নগরবাসীর ব্যাপক দুর্ভোগ ডেকে এনেছিলো। কর্মসূচির এক পর্যায়ে তারা কুরআন শরিফে আগুন দেয়।
“এ ঘটনার একজন মুসলমান হিসাবে মানসিকভাবে কষ্ট পেয়ে হাই কোর্টে এই রিট করেছি,” বলেন বাদী।
