‘ভয়াবহতম’ ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে ৫২৫
সাভারে সাম্প্রতিক ইতিহাসের ‘ভয়াবহতম’ ভবনধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫২৫ জনে দাঁড়িয়েছে।
সাভারের অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে বসানো অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষের বোর্ডে শুক্রবার রাত ১০টায় লিখে দেয়া হয় এই সংখ্যা।
উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার প্রথম প্রহর থেকে বিকাল পর্যন্ত ৭০টির বেশি মৃতদেহ উদ্ধার করেছেন তারা।
সেনাবাহিনীর নেতৃত্বে ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে কংক্রিট সরানোর পাশাপাশি লাশের সন্ধান চালিয়ে যাচ্ছেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলায় টুইন টাওয়ার ধসের ঘটনা বাদ দিলে সাম্প্রতিক বিশ্বের ইতিহাসে সাভারেই বাণিজ্যিক ভবন ধসে সবচেয়ে বেশি মানুষ হতাহত হয়েছে।
এর আগে ১৯৯৫ সালে দক্ষিণ কোরিয়ার সিউলে ডিপার্টমেন্ট স্টোর স্যামপুং ধসে ৫০২ জন নিহত হয়েছিলেন। ওই ঘটনায় আহত হয়েছিলেন প্রায় এক হাজার মানুষ।
রানা প্লাজায় লাশ উদ্ধারের পর পরই স্বজনদের সনাক্ত করার জন্য সেগুলো নেয়া হচ্ছে সাভারের অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে। সেখানে অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত পুলিশ উপ পরিদর্শক ফরিদ উদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তারা ৪৩১ জনের লাশ হস্তান্তর করেছেন।
পচন ধরায় কিছু লাশ আগেই ঢাকা মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়, যাদের মধ্যে পরিচয় না পাওয়া ৩২ জনকে জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে।
উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বৃহস্পতিবারই সাংবাদিকদের বলেছিলেন, ধসের এতো দিন পর আর কাউকে ধ্বংসস্তূপে জীবিত পাওয়ার আশা তারা করছেন না।
লাশ গুম করা হচ্ছে এমন অভিযোগ অস্বীকার করে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে উদ্ধার কাজে শামিল হতে আহ্বান জানিয়েছিলেন তিনি।
শুক্রবার সকালে তিনি বলেন, “অত্যন্ত সাবধানতার সঙ্গে আমাদের মৃতদেহগুলো উদ্ধার করতে হচ্ছে। না হলে সেগুলো অক্ষত অবস্থায় বের করে আনা সম্ভব না।”
ধ্বংস্তূপ থেকে সব লাশ উদ্ধার না হওয়া পর্যন্ত অভিয়ান চলবে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে ভবন ধসের পর এখনো ঠিক কতজন নিখোঁজ রয়েছে সেই সংখ্য নিয়ে বিভ্রান্তি এখনো কাটেনি। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া লাশের সংখ্যা কমিয়ে দেখানো হচ্ছে বলে সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলার পর সেনাবাহিনীর পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, লাশ গুমের প্রশ্নই ওঠে না।
সেনাবাহিনীর পক্ষ থেকে বৃহস্পতিবার পর্যন্ত ১৪৯ জন নিখোঁজ থাকার কথা বলা হলেও রেড ক্রিসেন্টের হিসাবে এই সংখ্যা চারশর বেশি।
স্থানীয় প্রশাসন প্রথম দিকে স্বজনদের কাছ থেকে তথ্য নিয়ে নিখোঁজদের তালিকা করা শুরু করলেও গত বুধবারই তা বন্ধ করে দেয়া হয়।
সকালে রানা প্লাজার ধ্বংসস্তূপ পরিদর্শন আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ।
ভবনের স্তম্ভ ধরে হরতালসমর্থকদের ‘টানাহেচড়ায়' রানা প্লাজা ধসে পড়তে পারে- স্বরাষ্ট্র মন্ত্রীর এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে সরকারের শরিক এরশাদ বলেন, নিজের দলের লোকজনকে বাঁচাতেই মন্ত্রী এমন কথা বলেছেন।
সেনা সদস্যরা এ অভিযানে অংশ না নিলে প্রায় আড়াই হাজার মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হতো না বলেও তিনি উল্লেখ করেন।
