২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ির গ্যাস সিলিন্ডারে মাদক পাচার

গাড়ির গ্যাস সিলিন্ডারে মাদক পাচারকারী একটি চক্রকে ধরেছে চট্টগ্রামের পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2013, 11:55 AM

Updated : 23 Aug 2022, 10:41 AM

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত চান্দগাঁও থানার চন্দ্রিমা আবাসিক এলাকা ও পাহাড়তলী থানর গ্রিন ভিউ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে মাদক চোরাচালান চক্রের সাত সদস্যকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, শামীম সর্দার (৪০) তার স্ত্রী চম্পা রানী (২৫), লুৎফর রহমান (২৬), মো. ফারুক (২২), মোমিন মিয়া (৩৫), আল আমিন (২৫), জাহাঙ্গীর আলম (২০)।

এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, আট রাউন্ড গুলি, একটি এয়ারগান, তিনটি গাড়ি, ফেন্সিডিল বহনকারী ব্যাগ, সাতটি বিকল্প গাড়ির চাবি, সাতটি ভূয়া নম্বর প্লেট, পাঁচটি গ্যাস সিলিন্ডার, নগদ ১ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা ও ১২ কেজি গাঁজাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার ব্যক্তিরা মাদক দ্রব্য বিক্রির সিন্ডিকেটের সাথে জড়িত। তার পাইকারিভাবে মাদক কেনা বেচা করে।

তিনি জানান, তারা তেলচালিত গাড়ির পেছনে গ্যাস সিলিন্ডার বসিয়ে তার ভেতর মাদক বহন করে।

বৃহস্পতিবার বিকালে পরিত্যক্ত একটি গাড়ি থেকে ৭ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধারের সূত্র ধরে তাদের খুঁজে বের করা হয় বলে এসআই জানান।

তাদের কাছ থেকে মাদক বিক্রির হিসাব খাতা এবং ওজন মেশিনও জব্দ করা হয় বলে জানান তিনি।