‘আমার সামনে বললে সালাউদ্দিনকে জবাব দিতাম’
ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরীর গালিগালাজের ঘটনায় মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ বলেছেন, বিষয়টি সামনে ঘটলে তিনি অবশ্যই এর জবাব দিতেন।
জেনারেল সফিউল্লাহকে তিনি ‘সেক্টর কমান্ডারদের ফোঁড়া’ বলেন।
সাবেক সেনা প্রধান সফিউল্লাহ এ সময় তার সামনে ছিলেন না। তবে সেখানে উপস্থিত সাংবাদিকরা তার মন্তব্য ঠিকই শুনতে পান।
বিষয়টি গণমাধ্যমে আসার পর কে এম সফিউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার সামনে সে ওই কথা বলেনি। হয়তো বেরিয়ে যাওয়ার সময় বলেছে। সামনে বললে অবশ্যই জবাব দিতাম।”
ওইদিন সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে প্রসিকিউশনের ৩১তম সাক্ষীর বক্তব্য শোনেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন বিচারক। আদালতের কাযর্ক্রম শুরু হওয়ার একটু পরেই কাযর্ক্রম পর্যবেক্ষণ করতে আসেন সাবেক সেনাপ্রধান।
চট্টগ্রামের রাউজান থানার উনসত্তর পাড়ার বাসিন্দা সুজিত মহাজনের সাক্ষ্যদান শেষ হলে তাকে জেরা শুরু করেন সালাউদ্দিন কাদেরের আইনজীবী আহসানুল হক হেনা। জবানবন্দিতে সুজিত জানান, একাত্তর সালে তিনি ক্লাস ফাইভে পড়তেন।
জেরার এক পর্যায়ে আহসানুল হক হেনা সুজিতকে জিজ্ঞাসা করেন, “আপনি পড়াশোনা কতদূর করেছেন?” এর উত্তরে তিনি বলেন, “আমি মেট্রিক পাস করেছি।”
আহসানুল হক হেনা বলেন, “আপনি মেট্রিক পাস করেছেন, এসএসসি পাশ করেননি?” উত্তরে সুজিত বলেন, “তখন এসএসসি ছিলো না, আমি মেট্রিক পাশ করেছি।”
এ সময় প্রসিকিউটর সুলতান মাহমুদ বলেন, “গ্রামের মানুষরা সবাই মেট্রিক পাসই বলে, এসএসসি পাশ বলে না।”
এক পর্যায়ে সামান্য বাকবিতণ্ডা শুরু হলে আহসানুল হক হেনাকে বিচারক জাহাঙ্গীর হোসেন বলেন, “আপনি এটা নিয়ে এতো বিতর্ক করছেন কেন? এমন অনেকে আছে যারা মাস্টার্স পাশ করেছে, কিন্তু একটা বাংলা বাক্যও ঠিকমতো লিখতে পারে না।”
উত্তরে হেনা বলেন, “ওই তো, স্বাধীনতার পর সব নকল করে পরীক্ষায় পাস করেছে। বাক্য লিখতে পারবে কি করে?”
এ সময় পর্যবেক্ষকের সারিতে বসে থাকা কেএম সফিউল্লাহ বলে উঠেন, “তাহলে ওইখানে থাকাই ভালো ছিল, তাই না?”
আহসানুল হক হেনা বলেন, “আমি আপনার সঙ্গে কথা বলছি না।”
এর কিছুক্ষণ পর আসামিপক্ষ জেরা চালিয়ে যেতে অস্বীকৃতি জানালে আদালত মঙ্গলবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। আসামিপক্ষের আইনজীবী সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে আলোচনা করার জন্য ১৫ মিনিট সময় চেয়ে নেন মুলতবি ঘোষণার আগে।
আইনজীবীরা কথা বলতে গেলে ডক থেকে নামার সময় সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, “১৫ অগাস্ট বঙ্গবন্ধু ‘গাজী’ হইসে, এখনও সেইটা নিয়ে ‘ফাল’ পাড়ে। শহীদদের নিয়ে কথা বললে আসতে বলো।"
সফিউল্লাহকে ‘সেক্টর কমান্ডারদের ফোঁড়া’ বলেন তিনি।
আদালত ভবনের সিঁড়িতে দাঁড়িয়ে এই বিএনপি নেতা বলেন, “নিজের প্রেসিডেন্টকে বাঁচাতে পারে নাই, সে আবার কিসের সেনাপ্রধান?”
সফিউল্লাহকে উদ্দেশ্য করে এ সময় অশালীন গালি দেন তিনি।
