২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বরাষ্ট্রমন্ত্রী প্রলাপ বকেছেন: এরশাদ

সাভারে ভবন ধসের নয় দিন পর উদ্ধারকাজ পরিদর্শনে এসে সেনাবাহিনীর উদ্ধারকর্মীদের প্রশংসা করার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2013, 06:38 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

লাশের সংখ্যা কমিয়ে দেখানোর অভিযোগ তোলায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ারও সমালোচনা করেছেন ক্ষমতাসীন মহাজোটের এই শরিক নেতা।  

শুক্রবার সকাল ১০টার দিকে সাভার বাজার এলাকায় রানা প্লাজার ধ্বংসস্তূপে পৌঁছান সাবেক সেনা শাসক এরশাদ।  

এরপর গাড়ি থেকে নেমে রুহুল আমিন হাওলাদার, কাজী জাফর আহমেদ, জিয়াউদ্দিন বাবলুসহ জাতীয় পার্টির নেতাকর্মীদের নিয়ে ভবনের সামনে ও পেছনে উদ্ধার কাজ ঘুরে দেখেন তিনি। 

অভিযানের নেতৃত্বে থাকা সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীও এ সময় তার সঙ্গে ছিলেন।

পরে এরশাদ উদ্ধারকর্মীদের তাবুর নিচে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ভবনের স্তম্ভ ধরে হরতালসমর্থকদের ‘টানাহেচড়ায়' রানা প্লাজা ধসে পড়তে পারে- স্বরাষ্ট্র মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, নিজের ‘দলের লোকজনকে বাঁচাতেই’ মন্ত্রী এমন কথা বলেছেন।  

“স্বরাষ্ট্রমন্ত্রী প্রলাপ বকেছেন। আমি আগেই বলেছিলাম তার কেবিনেটে থাকা উচিৎ নয়।

গত ২৪ এপ্রিল নয় তলা রানা প্লাজা ধসে পড়ার পর ঘটনাস্থল ঘুরে দেখে ধসের কারণ সম্পর্কে ওই মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এরশাদ বলেন, ওই বক্তব্য দিয়ে মন্ত্রী ‘দেশ ও দলের’ ক্ষতি করেছেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দুর্যোগে সব দল একসঙ্গে থেকে কাজ করবে- এটাই জাতি আশা করে।

সরকার সাভারে নিহতের সংখ্যা কমিয়ে দেখাচ্ছে বলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া যে অভিযোগ করেছেন, তারও সমালোচনা করেন এরশাদ।

তিনি বলেন, বিরোধীয়দলীয় নেতার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং দুঃখজনক।

“সব জায়গায় রাজনীতি খাটে না। এখানে সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থার লোকজন কাজ করে যাচ্ছেন, তাদের ধন্যবাদ দেয়া উচিত।”

“মৃতদেহ ৫০০ হোক আর ৫১০ জন হোন, সেটা বড় কথা নয়; বড় কথা হলো তারা সবাই মানুষ”, বলেন এরশাদ।

সেনাবাহিনী এই উদ্ধারকাজে না থাকলে প্রায় আড়াই হাজার শ্রমিককে জীবিত উদ্ধার করা সম্ভব হতো না বলেও মন্তব্য করেন তিনি।

ঘটনাস্থল ঘুরে দেখে এরশাদ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। তিনি সেখানে চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। পরে তিনি ঢাকায় ফিরে আসেন।

পুরনো খবর:

টানাহেচড়ায় ভবন ধস, অটল স্বরাষ্ট্রমন্ত্রী