মালিক সমিতির দ্বন্দ্ব: ঢাকা-উত্তরাঞ্চল বাস চলাচল বিঘ্নিত
সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলা বাস মালিক সমিতির দ্বন্দ্বের কারণে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সড়ক চলাচল বিঘ্নিত হচ্ছে।
দ্বন্দ্বের কারণে শুক্রবার সকাল থেকে সিরাজগঞ্জ-ঢাকা রুটে আন্তঃজেলা বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় সিরাজগঞ্জ বাস মালিক ও শ্রমিক সংগঠন।
সেইসঙ্গে সিরাজগঞ্জ বাস মালিক ও শ্রমিক নেতারা সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের কড্ডায় অবস্থান নিয়ে টাঙ্গাইল থেকে উত্তরাঞ্চলগামী বাসের যাত্রীদের নামিয়ে দিয়ে বাসগুলোকে টাঙ্গাইলে ফেরত পাঠাতে থাকেন।
এরপর টাঙ্গাইল বাস মালিক ও শ্রমিকদের সংগঠনও উত্তরাঞ্চলের ১৬টি রুটে এবং দক্ষিণাঞ্চলের চারটি রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়।
তবে এসব রুটে অন্য জেলার বাসগুলো চলাচল করছে।
সংশ্লিষ্টরা জানান, রাজশাহী রুটের বাস চলাচল নিয়ে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল বাস মালিক সমিতির মধ্যে অনেক দিন ধরে দ্বন্দ্ব চলছে। এর জের ধরে বুধবার রাজশাহীতে দুই কোম্পানির কর্মীদের মধ্যে মারামারি হয়।
এরপর বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী বাসগুলোকে টাঙ্গাইলে থামিয়ে যাত্রী নামিয়ে ফেরত পাঠানো হয়।
এ কারণে বৃহস্পতিবার রাতে সভা করে সিরাজগঞ্জ-ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সিরাজগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
তিনি বলেন, “টাঙ্গাইলে অবৈধভাবে সিরাজগঞ্জের বাসগুলো ফিরিয়ে দেয়া হয়েছে। তাই সিরাজগঞ্জ-ঢাকা রুটের সকল বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। সমাধান না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।”
এদিকে টাঙ্গাইল জেলা বাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মীর লুৎফর রহমান লালজু বলেন, বাস শ্রমিকদের সঙ্গে অসদাচরণ করায় তাদের বাস চলাচল বন্ধ করে দেয়া হয়।
এরপর সিরাজগঞ্জের পরিবহন মালিক-শ্রমিকরা কড্ডায় অবস্থান নিয়ে বাস চলতে বাধা দেয়।
ফলে ভাংচুর ও যাত্রী হয়রানির আশংকায় উত্তরাঞ্চলের ১৬টি ও দক্ষিনাঞ্চলের ৪টি রুটে টাঙ্গাইল থেকে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বিষয়টির মিমাংসা না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান টাঙ্গাইলের পরিবহন নেতা লালজু।
এদিকে হঠাৎ করেই বাস বন্ধ হয়ে যাওয়া এসব রুটে চলাচল করা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মোক্তার হোসেন বলেন, বাস মালিক ও শ্রমিক নেতাদের সাথে আলোচনা চলছে। দ্রুত বিষয়টি সমাধা হবে।
