২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে অন্তঃস্বত্তা স্ত্রীকে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুরের রায়পুরে অন্তঃস্বত্তা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2013, 03:44 PM

Updated : 23 Aug 2022, 10:41 AM

নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, বৃহস্পতিবার ভোরে উপজেলার চরকাছিয়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে শামসুদ্দিন হাওলাদার (৩০) তার স্ত্রী রাবেয়া খাতুনকে (২৫) হত্যা করেছেন।
রায়পুর উপজেলার হাজীমারা ফাঁড়ি থানার উপপরিদর্শক আবদুল খালেক বলেন, ঘটনা শুনে পার্শ্ববর্তী একটি খালের পাড়ে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় রাবেয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাবেয়ার ভাই মনির হোসেন এ ঘটনায় শামসুদ্দিনসহ চার জনকে আসামি করে একটি মামলা করেছেন।

গ্রেপ্তার শামসুদ্দিন বলেন, স্ত্রীর সাথে ঝগড়া শেষে মাঠে কাজে যাওয়ার পর সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রায়পুর থানার ওসি আবুল কাসেম বলেন, রাবেয়া খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব।  

চরকাছিয়া গ্রামের কৃষক মোহাম্মদ উল্যার মেয়ে রাবেয়া খাতুনের সঙ্গে প্রায় সাত বছর আগে একই এলাকার সাখাওয়াত উল্যা হাওলাদারের ছেলে শামছুদ্দিন হাওলাদারের বিয়ে হয়।

তাদের পাঁচ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। রাবেয়া তিন মাসের অন্তঃস্বত্তা ছিলেন বলে তার স্বজনরা জানিয়েছেন।